
অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 8 February 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবেশ বর্মার কাছে ৩১৮২ ভোটে হেরেছেন তিনি। আর কেজরিওয়ালের হারের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পুরনো একটি ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা যায়, 'বিজেপি আমাদের এ জন্মে হারাতে পারবে না।' স্বাভাবিকভাবেই ওই ভিডিও নিয়ে এখন হাসিঠাট্টা করছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
সোশ্যাল মিডিয়ায় অরবিন্দ কেজরিওয়ালের ২০২৩ সালের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে এক দলীয় অনুষ্ঠানে বার্তা দিচ্ছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, 'আপ সরকারকে ফেলতে মরিয়া বিজেপি। নরেন্দ্র মোদী দিল্লিতে সরকার গড়তে মুখিয়ে রয়েছেন। তাঁরাও জানে নির্বাচনের মাধ্যমে আপকে হারাতে পারবে না। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, এই জন্মে আপনারা আমাদের হারাতে পারবেন না। দিল্লিতে আমাদের হারাতে গেলে আপনাদের আরও একটা জন্ম নিতে হবে।' দু'বছর আগের কেজরিওয়ালের সেই ভিডিও এখন আপের কাছে দুঃস্বপ্নের মতো হয়ে গেছে।
Modi ji: Haan to kya bola tha.. ???? pic.twitter.com/82oRBWeXxX
— maithun (@Being_Humor) February 8, 2025
দিল্লির ফল মোটামুটি স্পষ্ট হতেই বিজেপির সদর কার্যালয়ের সামনে শয়ে শয়ে সমর্থকরা এসে গেছেন। ঢাকঢোল, কাড়ানাগাড়া বাজিয়ে নাচ, আতসবাজি পোড়ানো চলছে। চলছে লাড্ডু বিলি। গেরুয়া আবিরে রঙিন হয়ে গিয়েছে আকাশ। বিশাল বিশাল পতাকা নিয়ে অফিসের বাইরে কর্মীরা জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় স্লোগান দিচ্ছেন। সর্বশেষ খবর অনুযায়ী, ৪৭টি আসনে এগিয়ে গিয়েছে মোদীর বিজেপি। অন্যদিকে, গত ২০২০ সালে ৬২ আসনে জেতা কেজরিওয়ালের আম আদমি পার্টি মাত্র ২৩টিতে এগিয়ে রয়েছে।
দলের খারাপ ফলের জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন সমাজকর্মী আন্না হাজারে। তাঁর বক্তব্য, 'টাকার ক্ষমতায় বুঁদ হয়ে গেছিলেন কেজরিওয়াল, শুধু মদের ওপরই নজর ছিল। আমি ওঁকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু তিনি আমার কথার গুরুত্ব দেননি।' দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের লড়াইকে হাতিয়ার করেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এখন আন্না মনে করছেন, কেজরিওয়াল নিজের মূল নীতি থেকেই সরে গেছেন।