
শেষ আপডেট: 3 January 2024 10:51
দ্য ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় আজ বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তিনি হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আপের তরফে জানানো হয়েছে, ইডির পাঠানো নোটিস অবৈধ এবং তার কোনও সারবত্তা নেই। শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেফতার করার উদ্দেশ্যেই তাঁকে ডেকে পাঠানো হচ্ছে। তাই তিনি কোনওভাবেই তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেবেন না।
এই নিয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় সংস্থার তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে ২০২৩ সালের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর ইডি ডেকে পাঠিয়েছিল তাঁকে। কিন্তু একবারের জন্যও হাজিরা দেননি কেজরিওয়াল। আপের দাবি, মুখ্যমন্ত্রী তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত হলেও কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্য ততটা 'সৎ' নয়। বরং এজেন্সিকে ব্যবহার করে তদন্ত এবং জেরার নামে তাঁকে গ্রেফতার করতে চাইছে বিজেপি সরকার।
"কেন নির্বাচনের ঠিক আগেই নোটিস পাঠানো হল? এটা আসলে কেজরিওয়ালকে নির্বাচনের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা," অভিযোগ আপের।
গত বছরের এপ্রিল মাসে আপ সুপ্রিমোকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে সংস্থার তরফে তাঁকে 'অভিযুক্ত' বলে দেগে দেওয়া হয়নি। তবে তারপর তাঁকে সমন পাঠাতে শুরু করে ইডি। ইডির প্রথম নোটিস পাওয়ার পর থেকেই আপের তরফে দাবি করা হচ্ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করার উদ্দেশ্য রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আপের বেশ কয়েকজন নেতাও তেমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন।
এর আগে ফেব্রুয়ারিতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে। এছাড়া অক্টোবর মাসে মদ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে হেফাজতে নেওয়া হয়।