
শেষ আপডেট: 21 December 2023 07:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু এবারও তিনি তদন্তকারীদের ডাকে সাড়া দিচ্ছেন না।
আম আদমি পার্টি সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার বিকালে পাঞ্জাবের হোশিয়ারপুরে গিয়েছেন। সেখানে আনন্দগড়ে একটি বিপসনা বা বিপশ্যনা কেন্দ্রে ১০ দিন ধ্যান করবেন তিনি।
বিপশ্যনা হল গৌতম বুদ্ধ প্রবর্তিত একটি ধ্যান বিধি। এতে নিজেকেই বিশেষভাবে পর্যবেক্ষণের পাঠ দেওয়া হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান এর আগে জয়পুর ও বেঙ্গালুরুর কেন্দ্রে ধ্যান করেছেন। এবার আপ পরিচালিত পাঞ্জাবের হোশিয়ারপুরকে বেছে নিয়েছেন তিনি।
এই দশ দিন কেজরিওয়াল পার্টি, সরকার, পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। মোবাইল, খবরের কাগজের সঙ্গেও সম্পর্ক থাকবে না।
তাঁর দিন শুরু হবে ভোর চারটায়। তারপর দফায় দফায় ধ্যান এবং আধ্যাত্মিক বিষয়ে পড়াশুনা, আলোচনা শোনার পর রাত ন'টায় ঘুমোতে যাবেন। রাতের খাওয়া সারবেন সূর্যাস্তের আগে।
এই দশ দিন মুখ্যমন্ত্রীর কাজকর্ম কে দেখবেন সে ব্যাপারে আপ নেতৃত্ব চুপ। আপের রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডর বক্তব্য, ইডির তলব এড়াতে নয়, কেজরিওয়ালের হোশিয়ারপুরের কর্মসূচি অনেক আগেই ঠিক করা ছিল।
দিল্লির মদ দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে অক্টোবর মাসে তলব করেছিল ইডি। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে সেবার তদন্তকারীদের এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল ও তাঁর দলের আশঙ্কা, ইডি গ্রেফতার করে নিতে পারে তাঁকে। গ্রেফতার করা হলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন সে বিষয়েও আপ নেতৃত্ব আলাপ আলোচনা সেরে রেখেছে বলে খবর। রাঘব জানিয়েছেন, ইডির নোটিস সরকার ও দলের আইনজীবীরা খতিয়ে দেখছেন।