
অরবিন্দ কেজরিওয়াল এবং স্বাতী মালিওয়াল
শেষ আপডেট: 22 May 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: স্বাতী মালিওয়াল যে অভিযোগ করেছেন সেই ঘটনায় এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর মতে এই ঘটনার দুটি দিক রয়েছে! তাই তিনি সঠিক বিচারের আশায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই স্বাতী মালিওয়ালকে শ্লীলতাহানি, মারধর, হেনস্তায় অভিযুক্ত বিভব কুমারকে আটক করেছে দিল্লি পুলিশ।
এই ঘটনায় অভিযুক্ত বিভব কুমার অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী। আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী গোপন জবানবন্দি দিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁকে বুকে, পেটে মেরেছেন বিভব কুমার। এমনকী যৌন হেনস্তাও করা হয়েছে তাঁকে। কিন্তু দিল্লি মুখ্যমন্ত্রী একতরফা বক্তব্য পেশ করতে রাজি নন। সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ''যে ঘটনা ঘটেছে তার দুটি দিক আছে। আমি চাইছি দ্রুত সত্যিটা সামনে আসুক, যে দোষী যে শাস্তি পাক।''
অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনেই এই ঘটনা ঘটেছিল। কিন্তু সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, ঠিক এই কারণেই কোনও পক্ষের হয়ে মুখ খোলেননি কেজরিওয়াল। যদিও সেই সময় ওই বাড়িতে সদ্য দেশে ফেরা আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডা ছিলেন।
গ্রেফতারির ঘটনায় বিভব কুমারের আইনজীবী জানিয়েছেন, তাঁকে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বলেন, পুলিশকে আমরা মেল করে জানিয়েছি, আমার মক্কেল সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। স্বাতী মালিওয়ালকে নিগ্রহের ঘটনার প্রতিক্রিয়ায় গত শনিবারই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা নিন্দা করেন দিল্লির মুখ্যমন্ত্রীর। বলেন, একজন অপরাধী বিভব কুমারকে আস্তানা দিচ্ছেন তিনি!
স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ এনেছেন আপ নেত্রী আতিশি। তাঁর দাবি, স্বাতীর বিরুদ্ধে দুর্নীতি, বেআইনি নিয়োগের অভিযোগ ছিল। তাই অন্যান্য ক্ষেত্রের মতো এক্ষেত্রেও বিজেপি ষড়যন্ত্র করে তাঁকে দিয়ে দলকে অপদস্থ করার চেষ্টা করছে। ইডি, সিবিআই, দুর্নীতি দমন ব্যুরো, আয়কর প্রভৃতি সংস্থাকে দিয়ে বিরোধী নেতাদের ব্ল্যাকমেল করছে বিজেপি। আতিশীর দাবি, নিরপেক্ষ তদন্ত হোক এবং স্বাতীর সঙ্গে কোন কোন বিজেপির নেতার, কখন কখন হোয়াটস অ্যাপে কথা হয়েছে, কোথায় দেখা হয়েছে, তাও যেন প্রকাশ্যে আনা হয়।