
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 19 January 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন যমুনা নদী উপহার দেওয়ার কথা ২৩-এ ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের দেওয়া কথা রাখতে পারেননি বলে শনিবার এক মঞ্চে জানালেন। বুঝিয়ে দিলেন তিনি এক কথার মানুষ। প্রতিশ্রুতি না রাখতে পারলে, তা নিজে থেকেই রাজ্যবাসীকে মনে করিয়ে দেন।
দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচন। প্রস্তুতি ও প্রচার চলছে জোরকদমে। শনিবার দিল্লির লক্ষ্মী বাই নগরে বক্তৃতা দিয়ে গিয়ে কেজরিওয়াল জানিয়ে দেন, নিজের দেওয়া তিনটি প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। সরকার ফের ক্ষমতায় এলে ওই তিন প্রতিশ্রুতিই তিনি পূরণ করবেন।
প্রথম, যমুনাকে স্বমহিমায় ফিরিয়ে দেওয়া অর্থাৎ পরিষ্কার যমুনা নদী দিল্লিবাসীকে উপহার দেওয়া। দুই, দিল্লিতে ২৪ ঘণ্টা পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা ও তিন দিল্লির রাস্তা ইউরোপের মতো করে দেওয়া।
কেজরিওয়াল বলেন, 'আমি তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি কথার খেলাপ করি না। হয় আমি প্রতিশ্রুতি পূরণ করব নাহয় আমি মনে করিয়ে দেব সকলকে যে কোন কোন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েও আমি রাখতে পারিনি।'
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত প্রথম থেকে যমুনা নদী ও দিল্লির দূষণ নিয়ে কেজরিওয়াল সরকারের সমালোচনা করছেন। তাঁর কথায়, দিল্লির দূষণ এবং যমুনা নদীর দূষণের জন্য দায়ি আপ সরকার।
কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা দাবি করেন, 'পূর্ববর্তী কংগ্রেস সরকারের সময় দিল্লির আবহাওয়া এত দূষিত ছিল না এবং যমুনারও এমন অবস্থা ছিল না। কিন্তু কেজরিওয়াল সরকার দূষণ মোকাবিলায় ব্যর্থ ফলে পরিস্থিতি ভয়াবহ হয়েছে।'
সন্দীপের দাবি, 'কেজরিওয়াল সরকার যমুনা নদী পরিষ্কার করার জন্য কোনও সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেনি, যদিও কেজরিওয়াল নিজেই বলেছিলেন ২০২৫-এর মধ্যে তিনি নিজে নদীতে স্নান করবেন।'
এছাড়া দিল্লি দূষণের জন্য কৃষকদের ওপর সমস্ত দায় চাপানোও ঠিক নয় বলে মনে করেন কংগ্রেস নেতা।
অনেকে মনে করছেন, নির্বাচন ঘোষণা হতেই দিল্লির দূষণ, যমুনা এই সব নিয়েই আপ সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। আপের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের হারিয়ার এই বিষয়গুলোই। শনিবার সেই সূত্রেই মঞ্চে দাঁড়িয়ে নিজের ভুল কার্যত স্বীকার করে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।