
অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 16 January 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করে বিজেপি। আবগারি দুর্নীতির দায়ে জেলও খাটতে হয়েছে তাঁকে। যদিও এখন কেজরিওয়াল জামিনে মুক্ত। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের অভাব নেই। এই পরিস্থিতির মধ্যে আসন্ন নির্বাচনের জন্য হলফনামা জমা দিয়েছেন তিনি। তাতে জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ।
আবগারি দুর্নীতিতে কেজরিওয়াল ১০০ কোটি টাকার বেশি কামিয়েছেন বলে দাবি করা হয়েছে। এদিকে কোভিডের সময়ে জনগণের টাকা নয়ছয় করার অভিযোগও তোলা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্য এইসব অভিযোগে খুব একটা পাত্তা দেননি। হলফনামায় স্পষ্ট জানিয়েছেন, স্ত্রীর সম্পত্তির পরিমাণ তাঁর থেকে বেশি।
নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ ১.৭৩ কোটি টাকা। হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা আর ব্যাঙ্কে রয়েছে ২.৯৬ লক্ষ টাকা। হলফনামাতেই তিনি উল্লেখ করেছেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭০ লক্ষ টাকা। তবে তাঁর নিজের বাড়ি বা গাড়ি কিছুই নেই। আয়ের উৎস বলতে বিধায়ক হিসাবে পাওয়া বেতন।
মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপির তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। মোটা টাকা নয়ছয় করে মুখ্যমন্ত্রীর বাসভবনের ভোলবদল করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল তাঁরা। মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনের ভিডিও দেখিয়ে দাবি করা হয়েছিল, বাসভবনের বিলাসবহুল আসবাবপত্র কেনা, ভবন সংস্কারের আড়ালে কোটি টাকা দুর্নীতি হয়েছে।
বিজেপি যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী, সেই বাংলোর কাজে কম করে ৩.৫ কোটি টাকা খরচ করা হয়েছে। ভিডিওতে দেখানো মার্বেলের মেঝের দাম ১.৯ কোটি, ইনস্টলেশন এবং মিস্ত্রিদের খরচ বাবদ ১.৫ কোটি, জিম-স্পা এবং বাথরুমের সরঞ্জামের মিলিত দাম ৩৫ লক্ষ, এমনই দাবি বিজেপির।