.webp)
Arjun Singh-Dibyendu Adhikari
শেষ আপডেট: 15 March 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: ফের লোকসভা ভোটের মুখে বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন অর্জুনের পাশাপাশি দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও। শুক্রবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ দলের তরফে তাঁদের আনুষ্ঠানিক যোগদানের কথা জানানো হয়।
বাংলার দুই তৃণমূল নেতার বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে এদিন বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
বিজেপির তরফে যোগদানের অনুষ্ঠানে সন্দেশখালির প্রসঙ্গ তোলা হয়। বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য বলেন, "বাংলার নারীরা যে সুরক্ষিত নয়, সন্দেশখালির ঘটনা সেটা দেখিয়ে দিয়েছে। সেকারণেই বাংলার তৃণমূলের প্রথমসারির নেতারা তৃণমূল ছেড়়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
দিব্যেন্দু বলেন, "এটা আমার কাছে অত্যন্ত সুখের দিন। প্রধানমন্ত্রী মোদী আমাদের সকলের নেতা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিজেপিতে যোগ দিলাম।"
— Arjun Singh (@ArjunsinghWB) March 15, 2024
সন্দেশখালির প্রসঙ্গ টেনে দিব্যেন্দুও বলেন, "সন্দেশখালির ঘটনা নিন্দা করার ভাষা আমার জানা নেই। বাংলার ক্ষমতায় রয়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী অথচ রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। আইনশৃঙ্খলা বলেও কিছু নেই। বাম জমানাও দেখেছি। তৃণমূল অত্যাচারের নিরিখে বাকিদের ছাপিয়ে গেছে।"
অর্জুন বলেন, "শুধু সন্দেশখালি নয়, রাজ্যের সীমান্ত এলাকায় দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার চলছে। বাংলায় কোনও আইনের শাসন নেই। প্রশাসন আর গুন্ডা মিলে মিশে একাকার। অথচ দলের ভেতরে বা প্রশাসনে বলার মতো লোক নেই। তাই বাংলাকে এবং বাংলার মানুষকে বাঁচাতে ফের বিজেপিতে যোগ দিলাম।"
প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে বৃহস্পতিবারই অর্জুন জানিয়েছিলেন বিজেপিতে যাচ্ছেন। উনিশের লোকসভা ভোটেও তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন তিনি। তারপর তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। মাঝে তৃণমূলে ফেরেন। যদিও অর্জুন এদিন জানিয়েছেন, "আর কখনও তৃণমূলে ফিরব না।"
অন্যদিকে দিব্যেন্দুও যে বিজেপিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন, বৃহস্পতিবারই তা জানিয়েছিলেন দিব্যেন্দুর দাদা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিব্যেন্দু তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূলের বিদায়ী সাংসদ। তমলুকে এবারে বিজেপির প্রার্থী হতে চলেছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা এখনও না হলেও বিজেপির তরফে অভিজিৎবাবুর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে।
দিব্যেন্দু যে লোকসভায় লড়বেন না, বৃহস্পতিবার সেকথা জানিয়ে শুভেন্দু বলেছিলেন, "উনি পার্টি কর্মী হিসেবে কাজ করবেন।"