
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 January 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই সেদেশে বসবাসকারী প্রায় ৭,২৫,০০০ ভারতীয় ভয়ে কাঁপছেন। ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় লাখে লাখে আমেরিকায় বিনা বৈধ কাগজপত্রে বাস করা মানুষের হাড়ে দুব্বো ঘাস জন্মে গিয়েছে। আমেরিকা থেকে বিতাড়িত হওয়ার ভয়ে তাঁদের মধ্যে থরহরি কম্প শুরু হয়ে গিয়েছে। কারণ প্রথম দিনেই ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে, অবৈধ অভিবাসী বা বিনা অনুমতিতেতে বসবাসকারী মানুষকে ফেরত পাঠাবে ওয়াশিংটন প্রশাসন।
ট্রাম্প এই দফায় কঠোরতম আগের থেকে অনেক আগ্রাসী ও জোরাল পদক্ষেপের পক্ষে সওয়াল করেন সোমবার। যাঁদের কাছে আমেরিকায় বসবাসের বৈধ নথিপত্র নেই তাঁদের ফেরত পাঠানো ছাড়াও মার্কিন সীমান্ত এলাকায় অনেক কড়া ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। এই অবস্থায় বহু বিদেশি মার্কিন অভিবাসী ইতিমধ্যেই আইনজীবীদের এবং গির্জাগুলির কাছে সুরক্ষা চেয়ে দ্বারস্থ হচ্ছেন।
পিউ রিসার্চ রিপোর্ট (Pew Research report) ২০২৪ অনুযায়ী, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়রা হল তৃতীয় বৃহত্তম। আমেরিকায় সবথেকে বেশি অবৈধ অনুপ্রবেশকারী হল মেক্সিকোর, দ্বিতীয় স্থানে রয়েছে সালভাদোরের বাসিন্দারা। গত বাইডেন প্রশাসন ২০২৪ অর্থবর্ষে ১৫০০ ভারতীয়কে প্রত্যপর্ণ করেছিল। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ২০২৪ সালে ১৯২টি দেশের ২,৭০,০০০ পরিযায়ীকে দেশ থেকে বিতাড়িত করেছিল। যার মধ্যে ভারতীয় ছিলেন ১৫২৯ জন।
গতকাল, সোমবার ক্যাপিটলের রোটুন্ডায় প্রেসিডেন্ট পদে প্রথম ভাষণেই ট্রাম্প অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। আমেরিকায় বিনা অনুমতিতে বাস করার প্রবণতাকে জাতীয় জরুরি অবস্থা বলেও বর্ণনা করেছেন তিনি। ট্রাম্পের কথায়, বেআইনিভাবে গণ অনুপ্রবেশের ফলে এবং এখানেই স্থায়ীভাবে বসবাসের কারণে বিপর্যয় নেমে আসছে আমেরিকার বুকে। আমার অতি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা হল তা থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করা। এরপর থেকে আমার প্রশাসন এই বিদেশি মানুষের অনুপ্রবেশের বন্যা ঠেকাতে সবরকমের ব্যবস্থা নেবে।
আমেরিকার ফ্লোরিডা, টেক্সাস, নিউইয়র্ক এবং নিউ জার্সিতে নথিহীন বিদেশির সংখ্যা সবথেকে বেশি। কেবলমাত্র ফ্লোরিডাতেই প্রায় ৪০০,০০০ লোক থাকে বেআইনিভাবে। ট্রাম্প আসার পরপরই মার্কিন সীমা কর্তৃপক্ষ জো বাইডেনের আমলের 'ওয়ান এন্ট্রি' প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। এটি হল একটি অ্যাপ নির্ভর নিয়োগ ব্যবস্থা। এই অ্যাপের সব চলতি নিয়োগ এককথায় বাতিল করে দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, আমেরিকায় বর্তমানে এক কোটি ৪০ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী বসবাস করছে। যদিও ট্রাম্পের দাবি, সংখ্যাটি আরও বেশি।
ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, ৬৫৫,০০০ ব্যক্তিকে বের করে দেওয়া হবে যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে। এবং ১৪ লক্ষ ব্যক্তি যাদের আগেই দেশ ছাড়ার নোটিস দেওয়া হয়েছিল তাদের দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে স্কুল-কলেজ পড়ুয়ারাও ভয়ে দিন কাটাচ্ছে যে, দ্বিতীয় ট্রাম্প সরকারে কী ঘটতে তাদের ভবিষ্যতে।