
বিজেপিতে যোগ দিলেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 1 May 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মাঝে বিজেপির বড় চমক। গেরুয়া শিবিরে যোগ দিলেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার দিল্লিতে দলীয় সদর দফতরে বিজেপিতে নাম লেখালেন বাঙালিকন্যা।
এদিন গেরুয়া শিবিরের নেতা বিনোদ তাওড়ে এবং অনিল বালুনির উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন রূপালি। বিজেপির সদর দফতরে পৌঁছে দলের পতাকা হাতে তুলে নেন ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "উন্নয়নের মহাযজ্ঞ চলছে। সেই মহাযজ্ঞে সামিল হতেই আমার রাজনীতিতে আসা।“
এর আগে গত মার্চ মাসে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন রুপালি। সেই অনুষ্ঠানে মোদীর সঙ্গে একই মঞ্চে তাঁকে দেখা যায়। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তকে জীবনের সবথেকে সেরা ও স্মরণীয় দিন বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। সেদিন তিনি লিখেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।”
সারাভাই বনাম সারাভাই সিরিয়ালে রূপালির চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। তারপর আর বাঙালিকন্যাকে মুম্বইয়ের কেরিয়ারে পিছন ফিরে তাকাতে হয়নি। মাঝে বিয়ে করে সংসারি হন অভিনেত্রী। তখনও টুকটাক চলছিল সিরিয়ালের কাজ। তবে জীবনে মাতৃত্ব আসার পর লম্বা বিরতিতে চলে যান রূপালি। এরপর অনুপমা সিরিয়ালের মূল চরিত্রে ফের কামব্যাক করেন তিনি। আর কামব্যাক সিরিয়ালই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই রাজনীতির কেরিয়ার শুরু করতে চলেছেন রূপালি।