
রামমন্দির
শেষ আপডেট: 8 April 2025 10:56
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার (Ayodhya) নতুন রাম মন্দিরে (Ram temple) রামলালা (Ramlala) অর্থাৎ শিশু রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে গত বছর ২২ জানুয়ারি। দেড় বছরের মাথায় সেই মন্দিরে আরও এক রামমূর্তি প্রতিষ্ঠা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এই রাম হলেন রাজারাম (King Ram) । অযোধ্যার রাজা রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হবে আগামী মাসে।
রামলালার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০২০-এর ৫ অগাস্ট অযোধ্যায় নতুন রাম মন্দিরের শিলান্যাসও করেছিলেন তিনি। রাজরামের মূর্তিও প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করবেন কি না তা এখনও স্পষ্ট করা হয়নি।
রামজন্মভূমি ট্রাস্ট জানিয়েছে, আগামী ১৫ এপ্রিলের মধ্যে অযোধ্যার রাম মন্দিরের বাকি কাজ শেষ করার তোড়জোড় চলছে। মন্দির নির্মাণে এখনও কুড়ি হাজার কিউবিক ফুট পাথর বসানো বাকি আছে।
ট্রাস্ট সুত্র জানা গিয়েছে, রাজারামের মূর্তিও কর্নাটকের শিল্লী অরুণ যোগীরাজ করছেন। তাঁর সঙ্গে কাজ করছেন ২০জন শিল্পী। রাজস্থানের জয়পুরের বিশেষ ধরনের পাথর কেটে তৈরি হচ্ছে মূর্তি। জানা গিয়েছে, মন্দির নির্মাণের পুরো কাজ শেষ হওয়ার পর লাগোয়া কুড়ি একর জমি সৌন্দর্য্যায়নের কাজ শুরু করা হবে। চার কিলোমিটার দূরে তৈরি হবে অযোধ্যায় প্রবেশের মুখে বসবে রামচরিতমানসের রচয়িতা তুলসিদাসের মূর্তি।
২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যার জমি বিবাদের নিষ্পত্তি হয়েছিল। আড়াইশো বছর ধরে চলা মন্দির-মসজিদ বিবাদের নিষ্পত্তি করে শীর্ষ আদালত বিতর্কিত জমি রামচন্দ্রের জন্মস্থান বলে রায় দেয়। সেই জমিতে রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে সুপ্রিম কোর্ট।