
বিহারে ভেঙে পড়ল আরও একটু সেতু।
শেষ আপডেট: 22 June 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: চার দশক আগের সেতু। রক্ষণাবেক্ষণের অভাবে সেটি কার্যত ধুঁকছিল। সেতুর ওপর দিয়ে পারাপারের সময় ঝুর ঝুর করে সিমেন্ট বালি খসে পড়ার আওয়াজও পেতেন বাসিন্দারা। উপায়ন্তর না থাকায় ওই সেতুর ওপর দিয়েই কার্যত জীবন হাতে নিয়ে এতদিন যাতায়াত করছিলেন আশেপাশের বেশকিছু গ্রামের কয়েক হাজার মানুষ।
শনিবার সকালে ভেঙে পড়ল সেই সেতু। জীর্ণ সেতু ভেঙে পড়ার সেই ছবি সোশ্যাল মাধ্যমে এসেছে। সাকুল্যে ৫৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল।
জলের তোড়ে সেতু ভাঙল বিহারে #TheWallBangla #Bihar #BridgeCollapsed #Newstoday pic.twitter.com/LPdXUaBfmX
— The Wall (@TheWallTweets) June 22, 2024
ঘটনাটি বিহারের দ্বারভাঙা জেলার রামগড় পঞ্চায়েতের। সেখানকার গন্ডক খালের উপর থাকা সেতুটি ভেঙে পড়ায় খালের দুদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেতুর অপর পারে রয়েছে মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজার। তবে সেতু ভাঙার মুহূর্তে কেউ সেখান দিয়ে যাতায়াত না করায় হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে।
এর আগে গত ১৮ জুন বিহারের আরারিয়াতে উদ্বোধনের আগেই বকরা নদীর উপর নবনির্মিত সেতু ভেঙে পড়েছিল। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই সেতুর নির্মাণকাজ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন স্থানীয়দের একাংশ। এছাড়াও বছরের শুরুতে বিহারের সুপলেও একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। ওই ঘটনায় একজনের মৃত্যু এবং আরও ১০ জন আহত হয়েছিলেন।
প্রসঙ্গত, শুক্রবারই মহারাষ্ট্রের অটল সেতুতে ফাটলের গুরুতর অভিযোগ এনেছে কংগ্রেস। জানুয়ারি মাসেই মহা ধুমধাম করে উদ্বোধন হয়েছিল অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি-নব সেবা অটল সেতু অর্থাৎ মহারাষ্ট্র ট্রান্স হারবার লিঙ্ক। দেশের দীর্ঘতম সমুদ্র সেতু হিসেবে সংবাদপত্রের শিরোনাম দখল করেছিল দেশজুড়ে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই সেতু। কিন্তু মাস পাঁচেক পেরোতেই সেই সেতুতে দেখা দিয়েছে লম্বা লম্বা ফাটল! এক্ষেত্রেও প্রশ্নের মুখে সেই নির্মাণকাজ।