
অরবিন্দ কেজরিওয়াল এবং আন্না হাজারে
শেষ আপডেট: 8 February 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজনীতিতে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তিনি নিজেই এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। তাই দিল্লি ভোটের ফলাফলে আপের এই হাল। এমনই মত আন্না হাজারের। আম আদমি পার্টির সম্ভাব্য হারের জন্য সম্পূর্ণভাবে কেজরিওয়ালকেই দায়ী করেছেন তিনি।
এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দিল্লি দখল করতে চলেছে বিজেপিই। জেতা থেকে বহু দূরে আপ। ২০১৫ এবং ২০২০ সালে যে দল কার্যত দিল্লি নির্বাচনে ঝড় তুলেছিল তারা এবার ৩০ আসনের গণ্ডি টপকাতে হাঁপাচ্ছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজকর্মী আন্না হাজারে বলেন, 'আমি সবসময়ই বলে এসেছি একজন জনপ্রতিনিধির আচরণ, ভাবনা স্বচ্ছ হতে হয়। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে হয় না, জীবনে ত্যাগ থাকতে হয়। তাহলেই ভোটাররা তাঁকে বিশ্বাস করতে পারেন। কিন্তু কেজরিওয়াল তাঁর কথা শোনেননি।'
দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের লড়াইকে হাতিয়ার করেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এখন আন্না মনে করছেন, কেজরিওয়াল নিজের মূল নীতি থেকেই সরে গেছেন। তাঁর স্পষ্ট কথা, 'টাকার ক্ষমতায় বুঁদ হয়ে গেছিলেন কেজরিওয়াল, শুধু মদের ওপরই নজর ছিল। আমি ওঁকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু তিনি আমার কথার গুরুত্ব দেননি।'
শেষ আপডেট অনুযায়ী, ভোটগণনার প্রবণতায় দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের থেকেও অনেক বেশি আসনে এগিয়ে আছে বিজেপি। ফলাফলের গতিপ্রকৃতি জয়ের আভাস দিতে থাকায় বিজেপির সদর কার্যালয়ের সামনে শয়ে শয়ে সমর্থকরা এসে গিয়েছেন। ঢাকঢোল, কাড়ানাগাড়া বাজিয়ে নাচ, আতসবাজি পোড়ানো চলছে। চলছে লাড্ডু বিলি। গেরুয়া আবিরে রঙিন হয়ে গিয়েছে আকাশ। বিশাল বিশাল পতাকা নিয়ে অফিসের বাইরে কর্মীরা জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে, গত ২০২০ সালে ৬২ আসনে জেতা কেজরিওয়ালের আম আদমি পার্টি মাত্র ২৩টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস এখনও পর্যন্ত সব আসনেই তৃতীয় স্থান দখলের চেষ্টায় দৌড়াচ্ছে।