
অঞ্জু এবং কবিতা
শেষ আপডেট: 27 June 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: মাসদুয়েক আগে মহা ধুমধাম করে বিয়ে সেরেছেন গুরুগ্রামের সমলিঙ্গ দম্পতি অঞ্জু এবং কবিতা। ভালই আছেন তাঁরা, উপভোগ করছেন নতুন দাম্পত্য। কিন্তু ট্রোলিংয়ের এবং আক্রমণের অন্ত নেই, সাধারণ মানুষের একটি বড় অংশের তরফে। তার বিরুদ্ধেই মুখ খুললেন কবিতা নিজে। বললেন, ভাল আছেন তাঁরা। তবে তাঁদের নিয়ে সমাজ খুবই বিরক্ত।
কবিতার কথায়, 'আমাদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, তা আমি জানতাম। কিন্তু সবেতেই লোকেরা আমাদের পরিবারকে এমনভাবে টেনে আনে, খুব খারাপ লাগে। আমি আমার সিদ্ধান্তে খুবই খুশি এবং গর্বিত। আমার সঙ্গী অঞ্জু আমায় অত্যন্ত কেয়ার করে। আমরা একটি অনাথ শিশুকে দত্তকও নিতে চাই। আমাদের পরিবার আমাদের পাশে ছিল এই বিয়েতে, এটা আমাদের সৌভাগ্য।'
'
কবিতা আরও বলেন, 'কিন্তু লোকজনের অনেক সমস্যা। তারা আমার বাবাকে, ভাইকে খুব বিরক্ত করতে থাকে। ভাইয়ের দেড় বছরের ছেলেটাকেও ছাড়ে না। আমাদের কিছু এসে যায় না তাতে। আমার মা অবশ্য এখনও আমাদের বিয়েটা মেনে নিতে পারেননি, তবে মায়ের মন তো, এটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে।'
![]()
কবিতা উল্লেখ করেছেন, অঞ্জুর সঙ্গে তিনি অত্যন্ত ভাল আছেন, যত্নে আছেন। তাঁরা সবসময় পরস্পরের পাশে থাকবেন। কবিতার কথায়, 'ও টিভি সিরিয়ালে কাজ করত, আমি মেকআপ শিল্পী ছিলাম। আমি ১০ বছর ধরে কাজ করছি এই পেশায়। তবে এখন আমি কাজ ছেড়ে দিয়েছি, কারণ অঞ্জু উপার্জন করে আমার দায়িত্ব নেবে বলেছে।'
আবার অঞ্জুর কথায়, 'ওকে একবার আমার মেকআপ করার জন্য ডেকেছিলাম। সে সময়ে আমার সঙ্গে ২২ দিন ছিল ও। ওর ব্যবহার এতই ভাল, যে আমার মায়েরও ওকে ভাল লেগে গিয়েছিল। ও আমার কেয়ার করে। আমরা চার বছর ধরে একসঙ্গে থেকেছি। সবরকম ভাল-খারাপে পরস্পরের পাশে দাঁড়িয়েছি। আমাদের বিয়েটা এখনও বৈধ নয় এদেশে। বিয়ের আগে আমি আইনি পরামর্শ নিয়েছি, লিভ ইন সার্টিফিকেট পেয়েছি আমরা। বিয়ের রেজিস্ট্রি হয়নি।'
#WATCH | Mumbai: A same-sex couple Anju and Kavita recently got married in a traditional ceremony in Gurugram.
— ANI (@ANI) June 26, 2024
Kavita says, "I was aware that our videos would go viral on social media, but it feels bad when people drag my family into it... She is extremely caring... I am proud… pic.twitter.com/9sc3hdV44X
প্রসঙ্গত, দেশে সমকামী বিয়ের ঘটনা নতুন নয়। গত বছরেই ঐতিহাসিক রায়ে সমকামী সম্পর্ককে মান্যতাও দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সমকামী বিয়েকে এখনও স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেলে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয়, সমকামী দম্পতিদের বিয়ে করার কোনও মৌলিক অধিকার নেই। এই বিষয়ে আইনসভার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।