
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 15 December 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: ঘুমের মধ্যে নকল দাঁত গিলে ফেললেন ব্যক্তি। আটকে গেল ফুসফুসে। কাশি হওয়ায় ব্যক্তি চিকিৎসকের পরামর্শ নেন। ফুসফুস বিশেষজ্ঞরা সিটি স্ক্যান এবং এক্স-রে করে দেখতে কোনও একটি বস্তু ফুসফুসে আটকে রয়েছে। তারপরই সেটি বের করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
অন্ধ্রপ্রদেশের ৫২ বছর বয়সী ওই ব্যক্তি বেশ কিছু বছর ধরেই নকল দাঁত ব্যবহার করেন। বহু বছর ধরে ব্যবহার করার ফলে দাঁতের পাটিটি আলগা হয়ে যায়। কিছুদিন আগে ঘুমের ঘোরে সেটি গিলে ফেলেন তিনি। কিন্তু তা যে ফুসফুসে গিয়ে আটকেছে তা মোটেও আঁচ করতে পারেননি। বাঁ দিকের ফুসফুসে আটকে থাকায় শ্বাস নিতে কোনওরকম সমস্যাও তাঁর হয়নি। কিন্তু কাশি ছিল।
কাশির সমস্যা বাড়ার ফলে তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে রেফার করা হয়। সেখানে গিয়ে সমস্ত পরীক্ষা করার পর জানা যায় নকল দাঁত ফুসফুসে আটকে রয়েছে।
কিমস আইকন হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডক্টর সিএইচ ভরত এই বিষয়ে বলেন, 'ফুসফুসের বাঁদিকে আটকে থাকায় ব্যক্তির শ্বাস নিতে কোনও সমস্যা হয়নি। ডান দিকের ফুসফুসের অংশটি ঠিকঠাকই চলছিল। এক্স-রে ও স্ক্যান করার পর চিকিৎসকরা ব্রঙ্কোস্কপির সিদ্ধান্ত নেন এবং দাঁত ফুরফুস থেকে বের করা হয়।'
চিকিৎসকের কথায়, 'এই অপারেশনটি সাকসেসফুল হয়েছে। কিন্তু এতে বিরাট ঝুঁকির সম্ভাবনা ছিল। নকল দাঁতের ক্ষেত্রে ধাতব জিনিস থাকে দুই ধারে, তা ফুসফুসে আটকে এয়ার ওয়েস নষ্ট করতে পারত। বের করার সময়ও ক্ষতিগ্রস্ত হতে পারত এয়ারওয়েজ। কিন্তু কপাল ভাল, এই ক্ষেত্রে তেমন কিছু হয়নি।'
হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। শুধু মুখের কিছু অংশে ক্ষত ছিল, যার চিকিৎসা চলছে।