ভ্লগার রাহুল গুপ্তা
শেষ আপডেট: 17 December 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: সে রিয়েল হোক বা রিল লাইফ, ট্রেনে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও তোলার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বর্তমানে নিজেকে জনপ্রিয় করার নেশায় কোনও কিছু করতে পিছপা হচ্ছেন না মানুষ। একেবারে চলন্ত ট্রেনের মাথায় শুয়ে পড়ে বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারলেই অজস্র ভিউ। সেই নেশায় পাগল হয়ে চরম কাণ্ড ঘটিয়েছেন এক ভারতীয় ভ্লগার।
জানা গেছে, বাংলাদেশের একটি ট্রেনের মাথায় শুয়ে শ্যুট করতে দেখা গেছে রাহুল গুপ্তা নামে ওই যুবককে। বাংলাদেশের মতো দেশে এটি অত্যন্ত প্রচলিত একটি বিপজ্জনক অনুশীলন। বহু যুবককেই ট্রেনে এমন কেরামতি করতে দেখা যায়। সে রকমই বাংলাদেশ সফরে গিয়ে ভারতীয় ভ্লগার ট্রেনের মাথায় চড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে রাহুলের ফলোয়ার ২৯ হাজারেরো বেশি। তাই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ইতিমধ্যে ভিডিওটির ভিউ ১৯ মিলিয়ন পেরিয়েছে। যদিও পুরো অভিজ্ঞতাকে তিনি ভাল ও রোমাঞ্চকর বললেও ভ্লগারের কাণ্ড দেখে সমালোচনা করতে শুরু করেছেন অনেকেই।
ভাইরাল হওয়া ভিডিওতে, রাহুলকে কোনওরকম নিরাপত্তা ছাড়াই একটি দ্রুতগামী ট্রেনের ছাদে শুয়ে থাকতে দেখা যায়। ভয় পেলেও কোনওদিকে না তাকিয়ে শান্তভাবে পুরো ভিডিও শেষ করে সে। তবে ভ্লগার গুপ্তা সবসময় এমন উদ্ভট এবং ঝুঁকিপূর্ণ ট্রেনের স্টান্টের পরিচিত। ইনস্টাগ্রামে ট্রেনের ছাদে চড়ার পাশাপাশি ট্রেনের বাইরে ঝুলে থাকা, এমনকি ট্রেনের ইঞ্জিনের নীচে ঢুকে ভিডিও করার পোস্টও রয়েছে। কোনওরকম নিরাপত্তা ছাড়াই তিনি এমন ভিডিও করেন।
View this post on Instagram
তবে ভিডিও ছড়িয়ে পড়তেই অনেক নেটাগরিকই রাহুলের পদক্ষেপের সেমি. নিন্দা করেছেন। এক নেটিজেন তাঁর দুঃসাহসিক কাজকে দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক বলে নিন্দা করেছেন। আরেকজন লিখেছেন, “এটা বেপরোয়া! তিনি জনপ্রিয়তার জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন।’ আরও একজন লেখেন, ‘একটি ভুল পদক্ষেপ। যা একেবারেই মূল্যহীন!”
বর্তমান যুগে নিজেদের জনপ্রিয় করার নেশায় বুঁদ যুব সমাজ। সোশ্যাল মিডিয়া তাঁদের কাছে একটা বিশাল প্ল্যাটফর্ম। সেই মঞ্চে নিজেদের তুলে ধরতে প্রানের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না কেউই।