
ডাক্তারের এই দাবি নিয়ে দেশজুড়ে নেটদুনিয়ায় তোলপাড় চলছে।
শেষ আপডেট: 7 February 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: পনির ও দুধ নিরামিষ খাবার নয়। সারা দেশে নিরামিষাশীরা যে পনির ও দুগ্ধজাত খাবারের উপর নির্ভর করে থাকেন, তাঁদের পিলে চমকে দিয়ে এই দাবি করলেন দেশেরই এক ডাক্তার। ডাক্তারের দাবি, মুরগির মাংস বা গোরুর মাংসের মতোই দুধ ও পনিরও নিরামিষ খাবার নয়। যে যুক্তিতে মাংস আমিষ, সেই একই যুক্তিতে এই দুটি খাবারও পুরোপুরি আমিষজাতীয়। ডাক্তারের এই দাবি নিয়ে দেশজুড়ে নেটদুনিয়ায় তোলপাড় চলছে।
ডাক্তারের নাম সিলভিয়া কারপাগম। তাঁর এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় শয়ে শয়ে নিরামিষভোজীরা ব্যাপক চটে গিয়েছেন। সিলভিয়ার দাবি, দুধ বা দুগ্ধজাতীয় যে কোনও খাবার যেহেতু প্রাণিজ খাদ্য তাই তা কোনওমতেই নিরামিষ খাবার হতে পারে না। সিলভিয়া আরেক ডাক্তারের পোস্ট করা একটি নিরামিষ থালির ছবি ও লেখা শেয়ার করে এই দাবি তুলেছেন।
Dinner plate of husband
— Sunita Sayammagaru ???????????????? (@drsunita02) February 4, 2025
Vegetarian meal.
Has protein, good fats and fibre pic.twitter.com/E6aAGeSSv9
সুনীতা স্বয়ম্মাগুরু নামে একজন এক্সে একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি তাঁর স্বামীর জন্য বানানো নিরামিষ থালি দেখিয়েছেন। তিনি ছবির সঙ্গে লিখেছেন, এতে রয়েছে প্রোটিন, গুড ফ্যাটস এবং ফাইবার। এই থালিতে রয়েছে পনির, মুগ ডাল এবং শশা-গাজর-পেঁয়াজের স্যালাড, নারকেল কুচি, বাদাম এবং মিষ্টি ছাড়া এক বাটি পায়েস। তিনি লিখেছেন, এটাই হল আমার বরের রাতের নিরামিষ খাবার। এতে রয়েছে প্রোটিন, গুড ফ্যাটস এবং ফাইবার।
ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল এথিকসের কার্যকরী সম্পাদক ডাক্তার সিলভিয়া কারপাগম এই ছবিটিই শেয়ার করে দাবি করেন, দুধ এবং পনির মোটেই নিরামিষ খাবার নয়। কারণ হিসেবে তিনি লিখেছেন, পনির এবং দুধ উৎপন্ন হয় প্রাণীর উৎস থেকে। তাই চিকেন, মাছ, গোমাংস এবং অন্যান্য আমিষের মতোই এগুলিও আমিষ খাবার। সিলভিয়ার এই লেখা দেখেই নেটদুনিয়ার চোখ কপালে উঠেছে। বেশিরভাগ মানুষই তাঁকে উদয়াস্ত তোপ দেগে চলেছেন।
Cos eggs can hatch into a bird. Milk & paneer can't magically gestate into a cow. It's animal fat for which an animal needn't be killed.
— SK (@SriK_87) February 6, 2025
নিরামিষাশীদের যুক্তি, পনির ও দুধ এই কারণে নিরামিষ যে, এতে কোনও প্রাণিহত্যা হয় না। কোনও প্রাণীর ক্ষতি হয় না। তাই বেশিরভাগ লোকের মতে, দুধ-পনির নিরামিষ কিন্তু ভেগান নয়। এর জবাবে সিলভিয়া লিখেছেন, তাহলে ডিম কী করে আমিষ হল! কারণ মুরগির ডিম পাড়ার সঙ্গে কোনও মুরগিকেই তো মারতে হয় না। আসলে নিরামিষ ও আমিষদের এই তত্ত্বটি ভারতে বিশেষ ধর্মীয় স্তর থেকে তৈরি হয়েছে। এদেশে নিরামিষভোজী মানে ল্যাক্টো-ভেজিটেরিয়ানিজমকে ধরা হয়। যার অর্থ দুগ্ধজাত সামগ্রী খাওয়া যাবে, কিন্তু ডিম-মাছ-মাংস নয়।
অধিকাংশ পশ্চিমী দেশে নিরামিষ অর্থ ওভো-ল্যাক্টো ভেজিটেরিয়ান। অর্থাৎ যারা দুধ, দুগ্ধজাত খাবার ও ডিম খায়। অনেকে মাছ এবং সমুদ্র থেকে তোলা জলজ সম্পদ খান কিন্তু চিকেন বা মাংস খান না, তাঁরাও নিরামিশভোজীর মধ্যে পড়েন।