
রামমন্দির
শেষ আপডেট: 27 March 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রামমন্দিরে চলল গুলি। আচমকা গুলির শব্দ শুনে ভক্ত ও কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। একে ৪৭-এর গুলিতে জখম হয়েছেন এক প্রভিন্সিয়াল আর্মড কনস্টাবুলারি কমান্ডো। তাঁর বুকে গুলি লেগেছে। রামজন্মভূমিতে নতুন মন্দির উদ্বোধনের পর এই প্রথম রক্তপাতের ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যারাত নাগাদ হঠাৎ গুলির আওয়াজ শুনে সকলের পিলে চমকে যায়। উপস্থিত সকলে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়।
গুলিতে জখম পিএসি কমান্ডোর প্লাটুন কমান্ডার রাম প্রসাদকে (৫০) লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি একে ৪৭ পরিষ্কার করার সময় আচমকা তা থেকে গুলি ছিটকে বেরয়। তাতেই বুকে গুলি লেগেছে রামের। তিনি গত ৬ মাস ধরে রামজন্মভূমি চত্বরে কাজ করছিলেন।
পুলিশের আইজি জানান, কমান্ডো যখন নিজের বন্দুক পরিষ্কার করছিলেন তখন তাঁর অজ্ঞাতে গুলি ছিটকে আসে। অযোধ্যার হাসপাতালের এক ডাক্তার বলেন, বুকের বাঁদিকে গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে তাঁকে লখনউয়ে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর অবস্থা খুবই খারাপ। উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেঠির অচলপুর গ্রামের বাসিন্দা রাম।
পুলিশ জানিয়েছে, গুলি চলার সময় রাম ওয়াচ টাওয়ারের উপর থেকে নজর রাখছিলেন। গুলিচালনার বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।