
শেষ আপডেট: 2 October 2023 16:30
দ্য ওয়াল ব্যুরো: ‘দোকানে চাইলেও এই মোবাইল পাবেন না…’ অমিতাভের মুখে এমন কথা শুনে বেজায় চটেছে মোবাইল কোম্পানিগুলি। এ কেমন কথা! এত শত স্মার্টফোনের শোরুম। তাদের আবার অনলাইনে কেনাবেচারও সুবিধা আছে। সেখানে নাকি পাওয়াই যাবে না নতুন ব্র্যান্ডের মোবাইল। খোদ অমিতাভ বচ্চনের মুখে এমন কথা শুনে কি বিভ্রান্ত হবেন না গ্রাহকরা! অমিতাভের নতুন বিজ্ঞাপন দেখে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে।
আসলে ফ্লিপকার্ট তাদের নতুন বিজ্ঞাপনের মুখ করেছে বলিউড শাহেনশাকে। উৎসবের মরশুমে কেনাকাটা নিয়ে গ্রাহকদের চমক দিতে তারা এমন এক ট্যাগ লাইন বেছে নিয়েছে যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। সেই বিজ্ঞাপনে অমিতাভ বচ্চনকে বলতে শোনা গেছে, এমন স্পেশাল মোবাইল ফোন নাকি কোনও দোকানেই পাওয়া যাবে না (yeh Dukan per nahin milne wala)। কাজেই এই কথার মানে দাঁড়াচ্ছে, গ্রাহকরা এই ফোন কিনতে হলে ফ্লিপকার্টেই আসুন। এমন বিজ্ঞাপন দেখে নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন All India Mobile Retailers Association (AIMRA)।
মোবাইল রিটেলার কোম্পানিগুলি অভিযোগ করেছে, “ আমরা গ্রাহকদের সবচেয়ে ভাল পরিষেবা দিতে চাই। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞাপনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমন কোনও মোবাইল নেই যা রিটেলার স্টোরগুলিতে পাওয়া যাবে না। কোটি কোটি স্মার্টফোনের স্টোর, শোরুম আছে দেশে। সেখানে সবরকম ব্র্যান্ডের ফোন পাওয়া যায়। কাজেই এমন বিজ্ঞাপন গ্রাহকদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।“
অমিতাভের কাছে চিঠি পাঠিয়ে এই ব্যাপারে জানতে চেয়েছে ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ (সিএআইটি)। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের কাছে এই বিষয়টা নিয়ে রিপোর্ট চেয়েছে বণিক সংগঠন। ই-বাণিজ্য সংক্রান্ত আইন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থা যে পণ্য বিক্রি করবে তা কোন দেশে তৈরি হচ্ছে, তার বৈশিষ্ট্য কী ইত্যাদি বণিক সংগঠনকে জানিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হয়। সিএআইটি-র দাবি এমন কোন পণ্য বিক্রি করছে ফ্লিপকার্ট যা দেশজুড়ে কোনও রিটেলার স্টোরে পাওয়াই যাবে না। এমন বিজ্ঞাপন করার জন্য অমিতাভ বচ্চনকে চিঠি দিয়ে বণিক সংগঠন লিখেছে, "ফ্লিপকার্টের নতুন বিজ্ঞাপনে আপনার মুখে এমন কথা শুনে আমরা খুবই মর্মাহত। আপনি বিজ্ঞাপনে বলছেন ফ্লিপকার্ট এমন পণ্য বিক্রি করতে চলেছে যা কোনও দোকানেই পাওয়া যাবে না। আপনার মুখে এমন কথা শুনে গ্রাহকরা বিভ্রান্ত হবে ও ভুল পথে চালিত হবে।"