
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
শেষ আপডেট: 12 May 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: ভোট পর্বের মাঝেই কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের পুরনো এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে পাকিস্তানকে নিয়ে মণিশঙ্কর আইয়ারের মন্তব্য কার্যত এখন বিজেপির হাতিয়ার। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে পারদ চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানের পরমাণু বোমা আছে বলেই কি ভারত পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছেড়ে দেবে, উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক নির্বাচনী জনসভা থেকে এমনই প্রশ্ন তুলেছেন অমিত শাহ।
পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে বলে সতর্ক করেছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাও পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধারের প্রসঙ্গে পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে সতর্ক করেন। রবিবার কৌশাম্বী লোকসভা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় একসঙ্গে ওই দুই নেতাকেই একহাত নেন অমিত শাহ। তিনি বলেন, “মণিশঙ্কর আইয়ার এবং ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তানকে সম্মান করতে হবে। কারণ তাদের কাছে পরমাণু বোমা আছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত চাইবেন না। রাহুল বাবা, আপনি পরমাণু বোমাকে ভয় পেতে চাইলে ভয় পান। কিন্তু, আমরা ভয় পাই না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই।”
এর আগেও পাকিস্তানের বিষয়ে মণিশঙ্কর আইয়ারের মন্তব্যের নিন্দায় সরব হয়েছিলেন শাহ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রতিটি ইঞ্চি ভারতের, স্পষ্ট জানান তিনি। শাহের কথায়, “পাকিস্তান থেকে পিওকে ফিরিয়ে নেওয়ার পরিবর্তে, কংগ্রেস পরমাণু বোমার কথা বলে ভারতের জনগণকে ভয় দেখাচ্ছে। বিজেপির অবস্থান স্পষ্ট। পিওকে-র প্রতি ইঞ্চি জমি ভারতের এবং ভারতেই থাকবে।”
ঠিক কী বলেছিলেন মণিশঙ্কর আইয়ার? সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক সাক্ষাৎকারে মণিশঙ্করকে বলতে শোনা যায়, "পাকিস্তানকে যথাযোগ্য সম্মান করা উচিত ভারতের। পাকিস্তান একটা সার্বভৌম দেশ। পাকিস্তানের হাতে পারমাণবিক বোমাও রয়েছে। তাই তাদের সঙ্গে ভারতের সংঘর্ষে জড়ানো উচিত নয়।" শুধু মণিশঙ্কর আইয়ার নন, পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহও। মোদী সরকারের একাধিক মন্ত্রী, বারংবার পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার প্রসঙ্গে তোলেন। সেই বিষয়ে আবদুল্লাহ বলেছিলেন, "ভারত পিওকে ফিরিয়ে আনতে গেলে পাকিস্তানও চুপচাপ বসে দেখবে না।" পাকিস্তান ভারতে পরমাণু বোমা ফেলতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। আর নির্বাচনী প্রচারে পাকিস্তান ইস্যুতে এই দুই নেতাকেই তুলোধনা করেছেন অমিত শাহ।