
অমিত শাহ।
শেষ আপডেট: 2 April 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিলের উপর বিতর্কে বুধবার অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মানুষের মনে ভয় ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। কেউ সরকারি বা অন্য কারও সম্পত্তি দান করতে পারে না। এমনটাই বলা আছে ওয়াকফ আইনে। যদি কেউ সেই সম্পত্তির মালিক হন, তবেই তা তিনি দান করতে পারেন। বিরোধিতা ওয়াকফ বিল নিয়ে শুধু মিথ্যা গুজব ও ভুল প্রচার করছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ওয়াকফ বোর্ডে কোনও অ-মুসলিমকে নিয়োগ করা যাবে না।
তিনি আরও বলেন, ২০১৪ সালে ভোটের ঠিক মুখে কংগ্রেস নয়াদিল্লির ১২৩টি ভিআইপি সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দান করে দিয়েছিল। কংগ্রেস ২০১৩ সালে ওয়াকফ আইনে সংশোধন করে রেলের জমি ওয়াকফকে দান করে দিয়েছিল। কংগ্রেস সহ বিরোধীদের একহাত নিয়ে শাহ বলেন, আপনারা আপনাদের নিজস্ব ধ্যানবিশ্বাসের মর্যাদা রাখতে দেশকে ভেঙে টুকরো করে দেবেন।
কংগ্রেসকে নিশানা করে আরও বলেন, এই বিল ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি রোধে কাজ করবে। অমিত শাহের কথায়, আমি দুপুর ১২টা থেকে আগাগোড়া বিতর্ক শুনছি। অনেকের মধ্যে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। যার কিছুটা সত্যি কিছুটা রাজনৈতিক। আর সেই ভ্রান্ত ধারণাগুলিই দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।