
গৌতম আদানি।
শেষ আপডেট: 22 November 2024 09:12
দ্য ওয়াল ব্যুরো: ঘুষকাণ্ডে মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানিকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের আদালত। আদানি ও তাঁর সহযোগী ছয়জন বর্তমানে ভারতে আছেন। আমেরিকায় না গিয়ে তাঁরা কি গ্রেফতারি এড়াতে পারবেন?
সরকারি সূত্র বলছে, গ্রেফতারি নিয়ে দ্রুত পদক্ষেপ করার সম্ভাবনা কম। আদালতের নির্দেশের জারির পর মার্কিন পুলিশকে লম্বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু একপর্যায়ে মার্কিন প্রশাসন আদালত মারফত ভারত সরকারকে বলতে পারে অভিযুক্তকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে। ২০১০ সালের ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হতে পারে।
একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে মার্কিন আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাবাসের সাজা হতে পারে। সঙ্গে আর্থিক জরিমানা।
ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, এক বছর বা তার কম সময়ের কারাবাসের সাজা হলে দোষী ব্যক্তিকে নিজের দেশের জেলেই রাখা যাবে।
তবে, মার্কিন আইন অনুযায়ী গ্রেফতারি এড়ানোর পর্যাপ্ত আইনি সুযোগ রয়েছে। গতমাসে বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিরুদ্ধে মার্কিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ঘটনাচক্রে তিনি সেই সময় বিশ্বব্যাঙ্কের সম্মেলনে যোগ দিতে আমেরিকায় ছিলেন। তিনি আইনি প্রক্রিয়ার সুযোগ নিয়ে দেশে ফিরে এসেছেন।
আদানির বিষয়ে ভারত সরকার কী করবে এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পর বরাত পাওয়ার অভিযোগে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির অভিযোগ সামনে আসার পর থেকে রাজনৈতিক বিতর্ক চরমে উঠলেও ভারত সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। পাঁচ দিনের বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন। তিনি মুখ খোলেন কিনা সেটাই দেখার।