
শেষ আপডেট: 11 April 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে (Tamil Nadu) ভাঙা জোট আবার জোড়া লাগল। প্রয়াত নেত্রী জয়ললিতার (J Jayalalitha) দল এআইএডডিএমকে’র (AIADMK) হাত ধরল বিজেপি (BJP)। শুক্রবার দুই দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে বিজেপির তরফে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union home minister Amit Shah। অন্যদিকে, তামিলনাড়ুর সাবেক শাসক দলের পক্ষে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে’র সভাপতি ই পালানিস্বামী (E Palaniswami)।
বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, জোটের মুখ হবেন পালানিস্বামী। তাঁকে সামনে রেখে নয়া জোট ডিএমকে সরকারের পতনের জন্য লড়াই করবে। ক্ষমতায় আসার সুযোগ পেলে পালানিস্বামীর নেতৃত্বে রাজ্যে সরকার গড়বে এআইএডিএমমকে-বিজেপির জোট।
উল্লেখযোগ্য বিষয় হল, এই বোঝাপড়া এগিয়ে নিয়ে যেতেই পদ্ম শিবির তাদের রাজ্য সম্পাদক বদলের সিদ্ধান্ত নিয়েছে। তামিলভূমিতে বিজেপিকে অনেক দূর এগিয়ে দিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। ডিএমকে সরকারের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে বিজেপি এমন লড়াই করেছে যে জয়ললিতার দল ফের পদ্মের হাত ধরতে বাধ্য হল।
কিন্তু পালানিস্বামী এবং আন্নামালাই একই জাতিগোষ্ঠীর নেতা হওয়ায় জোটের নেতা হওয়া নিয়ে সমস্যা দেখা দেবে বুঝে বিজেপি প্রবীণ বিধায়ক নাইমার নগেন্দ্রনকে রাজ্য সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে। সাংগঠনিক নির্বাচনে নগেন্দ্রন একা রাজ্য সভাপতি পদে মনোনয়ন জমা করেছেন।
রাজনৈতিক মহলের খবর, ২০২৩-এ আন্নামালাইয়ের জন্যই দু দলের জোট ভেঙে যায়। তামিলনাড়ুতে ‘একলো চলো’ নীতি নেন বিজেপি রাজ্য সভাপতি। তাতে সায় ছিল পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের। জোট ছেড়ে বেরিয়ে এসে বিজেপি আন্নামালাইয়ের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলেও লোকসভা ভোটে সুবিধা করতে পারেনি তামিলনাড়ুতে। এবার তাই আন্নামালাইকে রাজ্য নেতৃত্ব থেকে সরিয়ে সর্বভারতীয় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
তামিলনাডুতে আগামী বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা। বিরোধী জোট পুরো এক বছর সময় পাচ্ছে যৌথ আন্দোলনের জন্য। দাক্ষিণাত্যে বিজেপি এই মুহূর্তে কোনও রাজ্যে ক্ষমতায় নেই। তারা একক শক্তিতে কর্নাটকে বেশ জোট করে সরকার চালিয়েছে অতীতে। গত বছর তেলেঙ্গানায় আশা জাগিয়েও ক্ষমতা দখল করতে পারেনি। বিআরএস-কে হটিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। অন্ধ্রপ্রদেশে দল তেলুগু দেশম পার্টির সরকারের শরিক। আগামী বছর তামিলনাড়ুর পাশাপাশি কেরলেও ভোট। সেই রাজ্যেও বিজেপি বড় ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।