ফাইল ছবি
শেষ আপডেট: 17 February 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত উত্তর রেলওয়ের। রবিবার রেল মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনও প্ল্যাটফর্ম নয়, প্রয়াগরাজে যাওয়ার জন্য বিশেষ ট্রেন নয়াদিল্লি স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে।
পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেতে ইচ্ছুক সকল যাত্রীকে নয়াদিল্লি স্টেশনের আজমেরি গেট দিক দিয়ে যাওয়া-আসা করতে হবে। তবে অনান্য ট্রেনগুলি নির্দিষ্ট সূচি মেনেই চলবে। স্টেশনে একসঙ্গে যাতে যাত্রীরা জড়ো না হন তার জন্যই এমন পদক্ষেপ বলে জানিয়েছে রেল মন্ত্রক।
এছাড়াও, শনিবারের রাতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে নয়াদিল্লি স্টেশনে আরও বেশি পরিমাণে আরপিএফ ও জিআরপি মোতায়েন করা হয়েছে। রেল পুলিশ যাত্রীদের যে প্ল্যাটফর্মে ট্রেন ছেড়ে যাওয়ার কথা সেই প্ল্যাটফর্মে নিয়ে যেতে সাহাহ্য করছেন। পাশাপাশি ব্যস্ত সময়ে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায় সেদিকে কড়া নজর রাখছে রেল।
সূত্রের খবর, এদিন সন্ধে ৭টা নাগাদ উত্তর রেলওয়ের তরফে অতিরিক্ত ভিড় কমাতে প্রয়াগরাজের উদ্দেশে তিনটি বিশেষ ট্রেন চালান হয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াগরাজ হয়ে একটি ট্রেন দারভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এবং আরও দুটি বিশেষ ট্রেন প্রয়াগরাজে পাঠানো হয় বলে খবর।
পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল সোমবার থেকেই মহাকুম্ভে যাওয়ার জন্য আরও পাঁচটি বিশেষ ট্রেন চালানর পরিকল্পনা নিয়েছে। তবে রেল মন্ত্রক্ক বারবার যাত্রীদের গুজবে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সঠিক ঘোষণা না শুনে যাত্রীদের প্ল্যাটফর্ম বদল করতে একেবারে বারন করে দেওয়া হয়েছে।
এছাড়া কোনওরকম সমস্যায় পড়লে যাত্রীরা হেল্পলাইন নম্বর ১৩৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন। জানা গেছে, রবিবার বিকেল ৫টা পর্যন্ত সেই নম্বরে শনিবারের দুর্ঘটনা সংক্রান্ত ১৩০ টিরও বেশি অভিযোগ এসেছে। এছাড়াও, রেল কর্মীরা মৃতদের তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিয়ে শেষকৃত্যে অংশ নিয়ে সহায়তা করেছেন।
এর আগে, ভারতীয় রেলের তরফে ১৮ জন নিহতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত যাত্রীদের জন্য আড়াই লক্ষ টাকা এবং সামান্য আহত যাত্রীদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ইতিমধ্যে ১৫ জনের হাতে তুলে দেওয়া হয়েছে। পদপিষ্টের ঘটনার তদন্তে ইতিমধ্যে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। কমিটিতে রয়েছেন প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার পঙ্কজ গাঙ্গোয়ার এবং নর্দার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার নর সিং।