
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 24 April 2025 19:56
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Pahalgam Terror Attack) প্রেক্ষিতে উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সূত্রের খবর, এখনও পর্যন্ত সন্দেহভাজন প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। প্রকাশ্যে এসেছে হামলাকারীদের কয়েকজনের ছবিও। সন্ত্রাসবাদ দমনে ডাকা সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার শুরু হল রাজধানীতে।
পহেলগামে মৃতদের শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করে বৈঠক শুরু হয়। উপস্থিত রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্যরা। বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
এর আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছিল মোদী সরকার। তবে সে সময় কোনও সর্বদল বৈঠক ডাকা হয়নি। বরং চুপিসারে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে খতম করেছিল জঙ্গিদের। যা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখেও পড়েছিল মোদী সরকার।
তবে এবারে পরিস্থিতি ভিন্ন। পহেলগামে যেভাবে জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে, তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সব মহল থেকেই জঙ্গিদের কঠোরতম শাস্তির দাবি উঠছে। সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠক থেকে সিদ্ধান্ত নিলে বিতর্কের অবকাশও থাকবে না বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে দিল্লি, পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি আটারি-ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করা হয়েছে।
যদিও জঙ্গি হামলার সঙ্গে কোনও যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান। কিন্তু ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন। সূত্র বলছে, গোটা কর্মকাণ্ডের পিছনে পাক সেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই রয়েছে।