
শেষ আপডেট: 8 January 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই 'বহু প্রতীক্ষিত' রাম মন্দিরের উদ্বোধন। আগামী ২২ তারিখ উত্তরপ্রদেশের অযোধ্যার মন্দিরে প্রথম পুজো পাবেন রামলালা। সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য সিনেপাড়ার বহু তারকাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এবার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
প্রযোজক মহাবীর জৈন একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন বলিউডের এই হাই প্রোফাইল অভিনেতা দম্পতি ওই অনুষ্ঠানে অংশ নেবেন।
সেই বিবৃতিতে বলা হয়েছে, "আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রধান শ্রী সুনীল আম্বেকর, প্রান্ত প্রচার প্রধান শ্রী অজয় মুদপে, কোঙ্কনের আরএসএসের একজন প্রতিনিধি এবং প্রযোজক মহাবীর জৈন আলিয়া এবং রণবীরের সাথে দেখা করেছেন এবং ২২ জানুয়ারি শ্রী রামজন্মভূমি মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছেন।"
কিছুদিন আগেই রজনীকান্তকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অভিনেতাকে ব্যক্তিগতভাবে চিঠি মারফত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল।
এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, অজয় দেবগন, সানি দেওল, প্রভাস, মাধুরী দীক্ষিত, অনুপম খের এবং অক্ষয় কুমার এবং আরও বেশ কয়েকজন অভিনেতাকে। তাঁদের মধ্যে অনেকেই ২২ জানুয়ারি অযোধ্যা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রযোজক মহাবীর জৈন।