
বুধবার লোকসভায় অমিত শাহ ও অখিলেশ যাদব।
শেষ আপডেট: 2 April 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিল বিতর্কে অংশ নিয়ে বিরোধীদের পক্ষে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বুধবার মিছরির ছুরি দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দিলেন বিজেপি সরকারকে। ভাষণে তিনি বিশ্বের সর্ববৃহৎ দল বলে বড়াই করা বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে দেরি হওয়ার কারণ নিয়ে বেঁধেন।
অখিলেশ রসিক কায়দায় বলেন, দুনিয়ার সবথেকে বড় দল বলে বুক ফুলিয়ে বলে বেড়ানো বিজেপি কেন এখনও দলের সভাপতি ঠিক করতে পারছে না।
অখিলেশের কথায় বিরোধী বেঞ্চের সকলে একযোগে হাসিতে ফেটে পড়েন। এমনকী হাসি চাপতে পারেননি অমিত শাহ নিজেও। সঙ্গে সঙ্গে দলের প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে হাসিমুখে জবাব দেন সপা প্রধানের তিরের। অমিত বলেন, বিজেপি দলে সভাপতি নির্বাচনের একটি পদ্ধতি আছে। সেগুলি সম্পূর্ণ করতে সময় লাগে। এটা অন্য পার্টির মতো নয়। যেখানে দলের সভাপতি নির্বাচিত হল পরিবারের কেউ।
শাহ বলেন, অখিলেশজি হাসিমুখে মন্তব্য করেছেন। তাই আমিও একইভাবে তাঁকে উত্তর দিতে চাই। আমাদের উল্টোদিকে তাদের অধিকাংশেরই জাতীয় সভাপতি নির্বাচিত পরিবারের কেউ। আমাদের প্রক্রিয়াটি আলাদা। দেশের ১২-১৩ কোটি সদস্য এই নির্বাচন প্রক্রিয়ায় ভাগীদার থাকেন। তাই একটু দেরি হতেই পারে। আমি এখানে দাঁড়িয়ে এও বলতে পারি যে, যেমন আপনি আপনাদের দলের ২৫ বছর ধরে সভাপতি থাকবেন। আমাদের দলে তা হয় না।