
ফাইল ছবি
শেষ আপডেট: 15 March 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের (Gujarat) ভদোদরায় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার মূল অভিযুক্ত দাবি করেছেন তিনি মদ্যপ ছিলেন না। বরং গাড়ির ত্রুটির কারণেই এই দুর্ঘটনা (Accident) ঘটেছে! ২০ বছরের ওই তরুণের বক্তব্য, এয়ারব্যাগ (Airbags) আচমকা খুলে যাওয়ার কারণে তিনি রাস্তা দেখতে পাননি, তাই দুর্ঘটনা ঘটে গেছে।
বৃহস্পতিবার রাতে কারেলিবাগে রক্ষিত চৌরাসিয়া নামের ওই তরুণের গাড়ির ধাক্কায় স্কুটিচালক এক মহিলার মৃত্যু হয় এবং একাধিকজন গুরুতর আহত। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই তরুণ। কিন্তু গ্রেফতারির পর রক্ষিত দাবি করেছেন, মদ খাননি তিনি। স্কুটির সঙ্গে তাঁর গাড়ির অল্প ছোঁয়া লাগতেই এয়ারব্যাগ খুলে যায়। তারপর তিনি কিছুই দেখতে পাননি।
রক্ষিতের বক্তব্য, স্কুটিকে টপকে ডানদিক যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। এদিকে রাস্তায় গর্ত ছিল এবং পাশে অন্য একটি স্কুটি আর গাড়ি পার্ক করা ছিল। সেই সময়ই চলন্ত স্কুটিতে অল্প ছোঁয়া লাগে তাঁদের গাড়ির। তারপরই এয়ারব্যাগ খুলে যায়। সেই মুহূর্তে গাড়ির গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার হওয়ায় নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। তবে মদ না খেলেও হোলি উৎসবের জন্য ভাং খেয়েছিলেন বলে স্বীকার করেছেন তরুণ।
হেমালিবেন প্যাটেল নামে এক মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনায়। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন দুই শিশুসহ আরও ৪-৫ জন। রক্ষিত পুলিশকে জানিয়েছেন, তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে চান এবং যা সাহায্য লাগে তিনি করতে প্রস্তুত। কারণ যেভাবেই হোক, তিনি স্বীকার করেছেন তাঁর জন্যই দুর্ঘটনা ঘটেছে। তাই এর জন্য যে শাস্তি তাঁকে দেওয়া হবে তা মেনে নিতে প্রস্তুত তিনি।
দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ধাক্কা দেওয়ার পর গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে শুরু করেছিলেন রক্ষিত। তাঁকে বলতে শোনা যায়, 'আরও এক রাউন্ড হয়ে যাক!' তারপর তিনি 'ওম নমঃ শিবায়' বলেও চিৎকার করতে থাকেন। 'নিকিতা' বলেও ডাকতে শোনা যায় তাঁকে। কে এই 'নিকিতা'? পুলিশকে রক্ষিতের এক বন্ধু জানিয়েছেন, মৃত তরুণীর নাম 'নিকিতা' ভেবেছিল রক্ষিত। ঘটনার আকস্মিকতায় তাই সেই নাম নিতে শুরু করে।