
শেষ আপডেট: 16 November 2023 21:11
দ্য ওয়াল ব্যুরো: যতদিন যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। সেখানে কোনও বয়েসের গণ্ডি নেই। আচমকা হার্ট অ্যাটাক আর সব শেষ! বৃহস্পতিবার দিল্লির বিমানবন্দরে ঘটল এমনই এক মর্মান্তিক ঘটনা। প্রশিক্ষণের সময় হঠাই হৃদরোগে আক্রান্ত হন এক পাইলট। ধপ করে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বছর ৩০-র পাইলট।
বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে একটি প্রশিক্ষণ শিবির চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট হিম্মানিল কুমার। আচমকাই তিনি বুকে ব্যথা অনুভব করেন। মাটিতে পড়ে যান। যা দেখে প্রথমে থতমত খেয়ে যান বাকিরা। তারপর তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি হিম্মানিলকে।
বিমানবন্দরের এক আধিকারিকের কথায়, বোয়িং ৭৭৭-এর প্রশিশক্ষণ শুরু হয়েছে অগস্ট মাসেই। এই বিমান চালানোর জন্য বিশেষ শারীরিক পরীক্ষা করা হয় পাইলটদের। সেখানে যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের জন্যই ছিল এই প্রশিক্ষণ। সেই তালিকায় ছিলেন হিম্মানিলও। মেডিক্যাল রিপোর্টে ফিট থাকা হিম্মানিলের এমন আকস্মিক মৃত্যুতে হতবাক সকলেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এখন প্রায়ই ঘটছে। কম বয়সিরা বেশি আক্রান্ত হচ্ছেন হৃদরোগে। সম্প্রতি নবরাত্রি উপলক্ষ্যে আয়োজিত গবরা অনুষ্ঠানে নাচতে নাচতে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে, সকলের মৃত্যুই হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটেছে। ঘনঘন এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।
তাঁদের কথায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার অনেক কারণ আছে। উপোস, হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি নানা কারণও দায়ী। এছাড়াও অনিয়মিত জীবন যাপন, টেনশন কমাতে সিগারেটে ঘনঘন সুখটান, অ্যালকোহলের প্রতি আসক্তি হার্ট অ্যাটাকের অন্যতম কারণ।