
বায়ুসেনার কনভয়ে হামলা।
শেষ আপডেট: 4 May 2024 23:54
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল। ভোটের মধ্যেই উত্তপ্ত উপত্যকা।
বায়ুসেনার কনভয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে খবর। এই ঘটনায় সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন বায়ুসেনার ১ জওয়ান। পাশাপাশি আহত হয়েছে আরও ৫ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেয় এই হামলার ঘটনা ঘটেছে পুঞ্চ জেলার সুরানকোট এলাকায়। ২০১৯ সালেও পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ে এমনভাবেই আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল। শহিদ হয়েছিলেন ৪০ জন জওয়ান।
সেনা সূত্র জানাচ্ছে, এদিন সন্ধেয় বায়ুসেনা জওয়ানদের একটি কনভয় সুরানকোট এলাকা দিয়ে যাচ্ছিল। কাশ্মীরের কৃষ্ণাঘাঁটি এলাকায় জঙ্গলের কাছে অতর্কিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনার তরফে জানানো হয়েছে, অন্ততপক্ষে ৫ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, যে ৫ জন সেনা জওয়ান আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যেই জঙ্গিদের খুঁজতে বড়সড় অভিযানে নেমেছে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলেছে রাষ্ট্রীয় রাইফেলস। অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পুঞ্চ। সেখানে ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট। তার আগে এই ঘটনা ঘটেছে। হামলার পর একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কনভয়ে বিস্ফোরণ হয়েছে। গাড়ির উইন্ডস্ক্রিনে অন্তত এক ডজন বুলেটের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে।