
বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য
শেষ আপডেট: 22 April 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় বাঙালি বায়ুসেনা আধিকারিককে হেনস্থা, বেধড়ক মারধর। সেই আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন খোদ অভিযুক্ত (Air Force officer charged in Bengaluru case)। বেঙ্গালুরুর এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ।
ঘটনার সূত্রপাত সোমবার। বেঙ্গালুরু বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন বায়ুসেনা আধিকারিক শিলাদিত্য বোস। সেইসময়ে এক কন্নড়ভাষী চড়াও হয় বলে অভিযোগ। মারধরও করা হয়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তের স্ত্রী। পুলিশ গ্রেফতার করে বিকাশ নামের এক ব্যক্তিকে।
সূত্রে খবর, পুলিশি জেরায় ধৃত জানিয়েছেন, শিলাদিত্য বোসের স্ত্রী তাঁকে কটু মন্তব্য করেন। এনিয়েই দু'পক্ষের বচসা শুরু হয়, যা হাতাহাতির রূপ নেয়। এদিকে ওই বায়ুসেনার আধিকারিকের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন বিকাশ। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাঁদের তরফে দাবি করা হয়েছে, মূলত গাড়ি নিয়ে রেষারেষির জেরে দু'পক্ষই হামলা করেছে।
সোমবার বায়ুসেনা আধিকারিক শিলাদিত্য বোস একটি ভিডিও শেয়ার করেন (Bengaluru case)। তাঁর মুখে দেখা যায় একাধিক আঘাতের চিহ্ন। ওই ভিডিওতে তিনি দাবি করেন, 'একটি বাইক তাঁদের গাড়ি ধাওয়া করে পথ আটকানোর চেষ্টা করে। স্থানীয় ভাষায় আপত্তিকর কথা বলতে শুরু করে।' এমনকি তাঁর কপালে ও মুখে আঘাত করে বলেও অভিযোগ। তবে তদন্তে নেমে পুলিশ স্পষ্ট করে দিয়েছে, বেঙ্গালুরুর এই ঘটনায় দু'পক্ষই একে অপরের উপর হামলা চালিয়েছে।