
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 October 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো: মহিলা নিরাপত্তারক্ষীকে যৌন হেনস্থার অভিযোগ মুখ্য নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল দিল্লির এইমস হাসপাতাল। সূত্রের খবর, শুধু যৌন হেনস্থাই নয় মহিলার জাতপাত তুলেও অপমানের অভিযোগ উঠেছে।
আরজি কর কাণ্ডে যেখানে উত্তাল দেশ, এমন পরিস্থিতিতে দিল্লি এইমসের মতো হাসপাতালে এমন খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি ডিউটির রস্টার জানতে নিরাপত্তা আধিকারিকের কাছে গিয়েছিলেন হাসপাতালের ওই মহিলা কর্মী। তখনই তাঁর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে। এরপর মহিলা নিরাপত্তারক্ষীর লিখিত অভিযোগের ভিত্তিতে তৎপর হয় এইমস কর্তৃপক্ষ। তড়িঘড়ি গঠন করা হয় তদন্ত কমিটি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে গ্রিভান্স কমিটিকে।
‘নির্যাতিতা’ জানিয়েছেন, ঘটনার পরই তফসিলি জাতীয় কমিশনের দ্বারস্থ হন তিনি। অভিযোগ জানান স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার দফতরেও। গত ২ অক্টোবর লিখিতভাবে তাঁর শিফট চেঞ্জের অনুরোধ জানিয়ে মুখ্য নিরাপত্তা আধিকারিকের কাছে আবেদন করেছিলেন।
মহিলার দাবি, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে একাই থাকেন। সে কারণে তাঁকে রাতের শিফট না দিয়ে যেন বেলার শিফট দেওয়া হয়। একথা শুনেই আচমকা ক্ষেপে যান ওই মুখ্য নিরাপত্তা আধিকারিক। যৌন হেনস্থার পাশাপাশি সহকর্মীদের সামনেই তাঁকে জাতপাত নিয়ে অপমান করা হয় বলে অভিযোগ।