
প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 January 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) ৪৬০০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণি পাশ। কমন রিক্রুটমেন্ট এগজামিনেশন (CRE AIIMS) নামে এই পরীক্ষা হবে গ্রুপ বি ও সি পদের জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্তর্গত বিভিন্ন এইমস ও কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন পদে নিয়োগ করে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৩১ জানুয়ারি, ২০২৫।
আবেদন মূল্য- সাধারণ (General) ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) চাকরিপ্রার্থীরা আবেদন করার যোগ্য। তাঁদের জন্য আবেদনের মূল্য ধার্য করা হয়েছে ৩০০০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি, উপজাতি ও আর্থিকভাবে দুর্বলতর শ্রেণির (SC/ST/EWS) প্রার্থীরা ২৪০০ টাকা খরচ করে আবেদন করতে পারবেন। অনলাইনে ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেটব্যাঙ্কিং ব্যবহার করে পরীক্ষার অর্থ জমা করা যাবে।
বয়সসীমা- ভারতীয় নাগরিক পুরুষ-মহিলারা যাঁদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সিরা আবেদন করার যোগ্য।
পদের সংখ্যা ও বিবরণ- মোট ৪৫৭৬টি শূন্য পদে নিয়োগ হবে। এরমধ্যে ৮১৩টি পদ রয়েছে নার্সিং অফিসার/ জনস্বাস্থ্য নার্স/ সিনিয়র নার্সিং অফিসারের পদ। ৬৬৩টি পদে ড্রেসার/ হসপিটাল অ্যাটেন্ড্যান্ট/ নার্সিং অ্যাটেন্ড্যান্ট/ মাল্টি টাস্কিং স্টাফ/ অপারেটর (E&M) ছাড়াও আরও লোক নেওয়া হবে। এছাড়াও ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ইঞ্জিনিয়ার (সিভিল), বিভিন্ন টেকশিয়ান, স্টোর কিপার (ওষুধ), স্টোর কিপার (সাধারণ), ফার্মাসিস্ট, অ্যাকাউন্টস অফিসার, ল্যাব কর্মী, মর্গ কর্মী, ইসিজি টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, এসি মেকানিক, অপারেশ থিয়েটার কর্মী ও টেকনিশিয়ান, ডেন্টাল টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ান, চক্ষু বিভাগের টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, ফায়ার টেকনিশিয়ান সহ আরও বহু পদে কমবেশি কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
পরীক্ষা পদ্ধতি- মোট ১০০টি এমসিকিউ প্রশ্নপত্র থাকবে। প্রতিটি ঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। মোট ৯০ মিনিটের পরীক্ষা। পাশ করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের ৪০ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৩৫ এবং তফসিলি জাতি-উপজাতিদের ৩০ শতাংশ নম্বর পেতে হবে। পরীক্ষার দিন ২৬-২৮ ফেব্রুয়ারি।
কীভাবে আবেদন করবেন- https://aiimsexams.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন। এরপর আপনার সম্পর্কে জ্ঞাতব্য তথ্যাবলি এন্টার করুন। যেমন নাম, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদি। রেজিস্ট্রেশনের পরে আপনার মেলে এবং ফোনে একটি আইডি পাঠানো হবে। এরপর আবেদনপত্র পূরণ করে সমস্ত তথ্যপঞ্জি জানাতে হবে। এখানেই একটি ছবি, স্বাক্ষর ও টিপসই আপলোড করতে হবে। সব ঠিকঠাকভাবে পূরণের পর পেমেন্ট অপশনে গিয়ে ফি জমা দেওয়ার পর সাবমিটি করে একটি কপি নিজের জন্য রেখে দেবেন।