2.webp)
মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের ভোটেও সবকিছু হতে পারে।
শেষ আপডেট: 15 October 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল যদি পেজার রিগিং করে শয়ে শয়ে লোক মারতে পারে, তাহলে মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের ভোটেও সবকিছু হতে পারে। কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইজরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মঙ্গলবার ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ তুলল কংগ্রেস। সেই সঙ্গে হিজবুল্লা নিকেশে ইজরায়েলের পেজার বিস্ফোরণের মতো সাইবার অপরাধের প্রসঙ্গ টেনে আনলেন কংগ্রেস নেতা রাশিদ আলভি।
সম্প্রতি শেষ হওয়া জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছিলেন। যা নিয়ে মোদী বিরোধী ইন্ডিয়া জোটে এবং জোট নিরপেক্ষ দলগুলির তরফের খোরাকের পাত্র হয়েছিলেন। কমিশন অবশ্য গণনায় কারচুপির যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছিল। বিজেপি নেতাদের মতে, বিরোধী যখন যেখানে জেতে তখন ইভিএম নিষ্কলুষ থাকে। এবং যেখানেই হেরে যায়, তখন ব্যর্থতার দায় এড়াতে দোষ চাপায় ভোটযন্ত্রে কারচুপির উপর।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন মহারাষ্ট্র, ঝাড়খণ্ডসহ বেশ কিছু কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে। তার আগেই কংগ্রেস নেতা আলভি বলেন, এবারে ভোট হওয়া উচিত ব্যালটে। যদি ইভিএমে ভোটগ্রহণ হয়, তাহলে বিজেপি সরকার ও নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারে।
তাঁর যুক্তি, যদি ইজরায়েল পেজারে কারচুপি করে লোক মারতে পারে, তাহলে সবকিছুই হতে পারে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইজরায়েলের ভালো সম্পর্ক আছে। আলভির বক্তব্য, মহারাষ্ট্রের বিরোধী দলগুলি নির্বাচন কমিশনকে ব্যালটে ভোট গ্রহণের চাপ দিক। নইলে এই রাজ্যে বিজেপি সরকার এবং কমিশন সব করতে পারে। ইজরায়েল যদি পেজার-ওয়াকিটকি ব্যবহার করে মানুষ মারতে পারে, তাহলে সেখানে ইভিএম কোন ছার, প্রশ্ন তোলেন বেশ কয়েকবার দলবদলু কংগ্রেস নেতা তথা প্রাক্তন এমপি।
ইভিএমের বড় খেলা যে কোথাও হতে পারে, ভোটের আগে বিজেপি এই খেলা খেলে। অন্যদিকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অভিযোগ, বিজেপির চাপের মুখে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। জেএমএম নেতা মনোজ পান্ডে বলেন, এদিন নির্বাচনের দিন জানাবে কমিশন। কিন্ত এই খবরটা বিজেপি নেতারা সোমবারেই পেয়ে গিয়েছিল। তাহলে কী বুঝে নিতে হবে যে, কমিশনের আধিকারিকরা বিজেপির হয়ে কাজ করছেন! কমিশনকে পুতুল করে রেখে দিয়েছে শাসকদল, অভিযোগ পান্ডের।