
বিরল প্রজাতির স্টার কচ্ছপ
শেষ আপডেট: 21 April 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার প্রাচীন শ্রী কূর্মনাথ স্বামী মন্দিরে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বিরল প্রজাতির স্টার কচ্ছপ (Indian Star Tortoise) আগুনে পুড়ে মারা গেছে। ভক্তদের কাছে এই প্রাণীগুলি ভগবান বিষ্ণুর ‘কূর্ম’ অবতাররূপে পরিচিত। তাই তাদের পবিত্র বলে মানেন মানুষ। তাই শ্রীকূরমাম গ্রামের এই ঘটনা শুধু একটি বিপন্ন প্রজাতির মৃত্যুই নয়, পবিত্রতার লঙ্ঘন হিসেবে মনে করছেন ভক্তরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মন্দির কর্তৃপক্ষ এই প্রাণীগুলোর প্রতি চরম অবহেলা ও অসম্মানজনক আচরণ করেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে এই কচ্ছপগুলো মন্দিরের চত্বরেই বসবাস করে এবং এরা মন্দিরের আধ্যাত্মিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সেই প্রাণীদের এমন করুণ পরিণতি, প্রশাসনিক গাফিলতির প্রমাণ।
খবর অনুযায়ী, কচ্ছপগুলোর মরদেহ মন্দিরের এক্সিকিউটিভ অফিসারের অফিসের পেছনে দাহ করা হয়েছে, তাও সেখানে যথাযথ নিয়ম মানা হয়নি। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে উল্লেখ রয়েছে, যে কোনও বিপন্ন বা দুর্লভ প্রাণীর মৃত্যুর পর তার ময়নাতদন্ত বাধ্যতামূলক। অথচ এই নিয়ম লঙ্ঘন করায় স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তাঁরা আশঙ্কা করছেন, হয়তো এই ঘটনায় কোনও তথ্য গোপন করা হচ্ছে।
এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মহলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। অনেকেই এর বিস্তারিত তদন্ত দাবি করছেন। তাঁদের আরও দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মন্দিরে অবশিষ্ট কচ্ছপগুলোর যথাযথ সুরক্ষা প্রয়োজন।
ভারতীয় স্টার কচ্ছপ মূলত উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব ভারতে পাওয়া যায়। তাদের আকর্ষণীয় আকৃতির খোলসের জন্য আন্তর্জাতিক বাজারে তারা চোরাচালানের শিকার হচ্ছে বারবার। এদের চাহিদা যত বাড়ছে, ততই বিপদের মুখে পড়ছে প্রজাতিটি।
যদিও IUCN (International Union for Conservation of Nature) এই কচ্ছপকে "Vulnerable" শ্রেণিভুক্ত করেছে, অর্থাৎ এখনও তারা বিলুপ্ত হয়নি, তবে পরিস্থিতি সংকটজনক। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন ১৯৭২-এর চতুর্থ তফসিলে থাকা এই প্রজাতিটি আইনত যথাযথ সুরক্ষা পাচ্ছে না। এই দুর্বল ব্যবস্থাপনার সুযোগ নিয়েই চোরাচালানকারী চক্রগুলো নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।