
শেষ আপডেট: 30 March 2024 08:20
দ্য ওয়াল ব্যুরো: গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামসায় দিল্লির দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকারী সংস্থার হেফাজতেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
এবার আপের আরও এক নেতা তথা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমতি দিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক।
সত্যেন্দ্র অবশ্য জেলে রয়েছে। গত ২০২২ সালের মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়। সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে জেলে বসেই তোলাবাজির চক্র চালানোর অভিযোগ রয়েছে।
এ বছরের শুরুতেই তোলাবাজির মামলায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সত্যেন্দ্রর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করার সুপারিশ করেছিলেন। ওই মামলাতেই তাঁর বিরুদ্ধে এবার সিবিআই তদন্ত শুরু করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের দাবি, জেলে বসেই তোলাবাজির কারবার শুরু করেছেন এই আপ নেতা। সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের প্রেমিক সাজা প্রতারক সুকেশ চন্দ্রশেখরের থেকেও ১০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে সত্যেন্দ্রর বিরুদ্ধে। সুকেশের অভিযোগের সূত্রেই নতুন করে সত্যেন্দ্রর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসে।
যদিও আপ নেতৃত্বর দাবি, পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে আপের নেতা-মন্ত্রীদের। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। মার্চের গোড়ায় গ্রেফতার করা হয়েছিল তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকেও।