
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 November 2024 16:09
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে হয়েছিল বিয়ের কথা। পাত্রী 'না' করে দেওয়ায় চটে যান যুবক। সেই আক্রোশেই স্কুলে ঢুকে পাত্রীর ওপর হামলা চালায় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হয় মৃত্যু। ঘটনা তামিলনাড়ুর। গ্রেফতার যুবক। তদন্ত চালাচ্ছে পুলিশ।
তামিলনাড়ুর তাঞ্জাভুরের রামানি (২৬) ও মাধন (৩০)-এর বিয়ের কথা শুরু হয়েছিল সম্প্রতি। পুলিশ সূত্রে খবর, পরিবারের তরফেই বিয়ের কথা হয়। কিন্তু মাধনের প্রস্তাবে রাজি হননি রামানি। মাধনের সঙ্গে বিয়েতে 'না' করে দেন।
রামানি মাল্লিপাত্তানাম স্কুলে চাকরি করতেন। বিয়েতে না করায় আক্রোশের জেরে বুধবার সকালে রামানির এই স্কুলে যান মাধন। রামানির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গলায় গভীর ক্ষত নিয়ে রামানি মাটিতে লুটিয়ে পড়লে স্কুলের লোকজন এসে যায় এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রামানির মৃত্যু হয়।
ততক্ষণে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে ফেলে মাধনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় পুরো ঘটনাটি। আক্রোশ, প্রতিহিংসার জেরেই খুন সে ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। মাধনকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে এই ঘটনা সামনে আসতেই ওই স্কুলের বাচ্চাদের দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পয়ামিজি। এই ঘটনার সময় অর্থাৎ বুধবার তিনি তাঞ্জাভুরেই যাচ্ছিলেন। তিনি এই ঘটনার নিন্দা জানান এবং দোষীর কঠোরতম শাস্তির আশ্বাস দেন।
তিনি বলেন, 'একজন শিক্ষকের ওপর এই ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না। পদক্ষেপ করা হবে। নিন্দাজনক ঘটনা। পরিবারের প্রতি সমবেদনা রইল।'