
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 6 December 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় স্ত্রীকে খুন করে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। চলতি বছরের ১১ নভেম্বর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বেঙ্গালুরু শহরে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে বিহার থেকে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তের নাম মহম্মদ নাসিম (৩৯ বছর)। পেশায় একজন চিত্রশিল্পী। জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন অভিযুক্ত। প্রথম পক্ষের চার এবং দ্বিতীয় পক্ষের দুই সন্তান নিয়ে বেঙ্গালুরুতে থাকতে শুরু করে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। সে কারণেই দ্বিতীয় পক্ষের স্ত্রী রমেশ খাতুনকে (২২) গলা টিপে খুন করে হাত-পা বেঁধে নর্দমায় ফেলে দেয় নাসিম।
পরে ছয় সন্তান নিয়ে বেঙ্গালুরু থেকে সোজা বিহারে নিজের গ্রামের বাড়িতে পৌঁছে যায়। এরপর বাড়ি গিয়ে অভিযুক্ত তৃতীয়বার বিয়েও করে।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করলেও চিত্রশিল্পীর খোঁজ মিলছিল না। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে বিহারের মুজাফফরপুর থেকে পাকড়াও করা হয় অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।