
শেষ আপডেট: 2 October 2023 16:19
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের ধর্না কর্মসূচিকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল দিল্লির রাজঘাটে। অভিযোগ, কর্মসূচি শেষে সেখানেই সাংবাদিক বৈঠক করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর সাংবাদিক বৈঠকের মাঝেই বারে বারে তীব্রস্বরে বাঁশি বাজানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় আন্দোলনকারীদের দিকে দিল্লি পুলিশকে তেড়ে যেতেও দেখা যায়। পুরো ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজঘাটে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল। আগে থেকে আবেদন জানিয়েও যন্তরমন্তরে মেলেনি পুলিশি অনুমতি। প্রতিবাদে রাজঘাটে গান্ধী প্রতিকৃতিতে মাল্যদানের পর সেখানেই ২ ঘণ্টা অবস্থানে বসেছিলেন তৃণমূলের নেতা, কর্মীরা। সেখানেই সাংবাদিক বৈঠক চলাকালীন অভিষেককে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বারে বারে বাঁশি বাজিয়ে অভিষেকের বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। ফলে মাঝপথেই সাংবাদিক বৈঠক শেষ করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন সাংবাদিক বৈঠকের শুরুতে অভিষেক বলেন, “আমরা যন্তরমন্তরে কর্মসূচি করতে চেয়েছিলাম, পুলিশ দেয়নি। তাই রাজঘাটে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করতে আসি। এখানে আমরা ২ ঘণ্টা বসেছিলাম। কোনও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি। তবু দিল্লি পুলিশ, সিআইএসএফ, সিআরপিএফ বারে বারে আমাদের উঠিয়ে দিতে চেয়েছে। মহিলাদের পর্যন্ত ধাক্কাধাক্কি করা হয়েছে।”
অভিষেকের এই কথার মাঝেই নতুন করে দিল্লি পুলিশ বাধা সৃষ্টি করে বলে অভিযোগ। যাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজঘাটে। যদিও দিল্লি পুলিশের দাবি, নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে তৃণমূল রাজঘাটে ছিল। তাই ওদের এলাকা খালি করে দেওয়ার জন্যই বাঁশি বাজানো হয়েছিল। এর মধ্যে অন্য কারণ খোঁজা ঠিক নয়।