
অভয় সিং ওরফে আইআইটি বাবা
শেষ আপডেট: 15 January 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজের মহাকুম্ভে লক্ষ-কোটি মানুষের ভিড়। অগণিত ভক্ত ইতিমধ্যে ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধু-সন্ন্যাসীদের ভিড় রয়েছে মহাকুম্ভে। তাঁদের মধ্যে এক সন্ন্যাসী নজর কেড়েছেন আপামর দেশবাসীর। তিনি 'আইআইটি বাবা'। কে এই ব্যক্তি, তাঁর পরিচয় কী?
হরিয়ানার বাসিন্দা অভয় সিং। বিজ্ঞান নিয়ে তাঁর পড়াশোনা। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞান থেকেই যেন তাঁর ভরসা উঠে যায়। এখন বিজ্ঞানকে তো বটেই, মোটা মাইনের চাকরি চাকরি ছেলে সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছেন তিনি। কেউ কেউ তাঁকে 'ইঞ্জিনিয়ার বাবা' বলে ডাকে। তবে মহাকুম্ভে তিনি পরিচয় পাচ্ছেন 'আইআইটি বাবা' হিসেবে।
আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন অভয়। তারপর ৪ বছর মুম্বই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেন। তবে ধীরে ধীরে বুঝতে পারেন, এই জীবন তাঁর জন্য নয়। তবে সেই সময় থেকেই সন্ন্যাসী জীবনের প্রতি ঝোঁকেননি তিনি। তাঁর অত্যন্ত ভাললাগার জিনিস ছিল ট্রাভেল ফোটোগ্রাফি। একটি কোর্স করে সেটাই করতে শুরু করেন তিনি। অভয়ের দাবি, এরপরই জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিই বদলে যায়।
ট্রাভেল ফোটোগ্রাফির পাশাপাশি নিজের একটি কোচিং সেন্টারও খুলেছিলেন অভয়। সেখানে তিনি ফিজিক্স পড়াতেন। তবে মেধাবী ছাত্র হলেও এই কাজে খুব একটা সাফল্য পাননি তিনি। তারপরই কার্যত সবকিছু ছেড়ে দিয়ে তিনি আধ্যাত্মিক হয়ে ওঠার কথা ভাবেন। বর্তমানে অভয় নিজেকে আদ্যপ্রান্ত শিবভক্ত বলে দাবি করে সন্ন্যাস-জীবন কাটাচ্ছেন। আর সেই কারণেই মহাকুম্ভ এখন তাঁর ঠিকানা হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত অভয় সিং ওরফে 'আইআইটি বাবা'। ২৯ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর। বেশিরভাগ সময়ই যোগা, ধ্যান এবং আধ্যাত্মিকতা নিয়ে পোস্ট করতে থাকেন তিনি। অভয়ের কথায়, সবকিছুর আগে দরকার মানসিক শান্তি। আর তাঁর খোঁজেই তিনি এই জীবন বেছে নিয়েছেন।