অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 25 December 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের সুপ্রিমোর ভাবমূর্তি উজ্জ্বল করতে অভিনব ভাবনা আম আদমি পার্টির। বুধবার বড়দিন। দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ক্রিসমাস। উৎসবের মরসুমকে হাতিয়ার করেই এবার সান্তার বেশে ধরা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দলের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে।
মূলত, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি বা এ আই ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়ালের সান্তা অবতারের একটি ভিডিও বানিয়ে প্রচার শুরু করল আপ। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওতে লেখা হয়েছে—“দিল্লির বাসিন্দাদের সান্তা, বছর জুড়ে তিনি উপহার বিলোন।” ৩৬ সেকেন্ডের ভিডিওতে একেবারে সান্তার চেনা পোশাকে ধরা দিয়েছেন আপ সুপ্রিমো। পরনে রয়েছে সাদা-লাল পোশাক, ক্রিসমাস টুপি এবং কাঁধে রয়েছে লাল রঙের বিশাল ঝোলা।
ভিডিও শুরু হতেই একটি গান কানে ভেসে আসে। যার বাংলা অর্থ ‘কেজরিওয়ালই সান্তা।’ যেখানে বলা হয়েছে, ভোটপ্রচারে যা যা প্রতিশ্রুতি দিয়েছে দল, সমস্ত কিছুই দিল্লিবাসীর হাতে হাসিমুখে তুলে দিচ্ছেন কেজরি। দিল্লির মানুষ দু’হাত ভরে তা গ্রহণ করছেন।
Delhi's own Santa delivering gifts year-round ✨ #MerryChristmas pic.twitter.com/km2IOdAPoQ
— AAP (@AamAadmiParty) December 25, 2024
আপের ঘোষণা মতো ভোটে জিতে তাঁদের সরকার ক্ষমতায় এলে মহিলা সম্মান যোজনায় মহিলাদের জন্য ২১০০ টাকা মাসিক ভাতা, সঞ্জীবনী প্রকল্পে ষাটোর্ধ্বদের জন্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বাসে মহিলাদের বিনামূল্য পরিষেবা-সহ একাধিক প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। ভিডিওতে সবার সঙ্গে হাসিমুখে কথা বলতে এবং সমস্যার কথা শুনতে দেখা যায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
দিল্লির বিধানসভা কেজরীর দল ইতিমধ্যেই দিল্লির ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। কেজরিওয়াল লড়ছেন নয়াদিল্লি আসনে।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরী সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন আতিশী মারলেনা। আতিশী কালকাজী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিজেপি এখনও কোনও আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি।
কিন্তু বড়দিনে আপের ডিজিটাল প্রচার দেখে একেবারেই পরিষ্কার, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সবরকম ঘুঁটি সাজিয়ে রাখতে চাইছে আপ। সে জনসংযোগ হোক বা সোশ্যাল মিডিয়ায় প্রচার, বড়দিনে সান্তা বেশে দিল্লিবাসীর মন কতটা আপ সুপ্রিমো জয় করতে পারলেন তা সময় বলবে।