
আম আদমি পার্টির নেতা মনদীপ সিং ব্রার
শেষ আপডেট: 6 October 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির নেতা মনদীপ সিং ব্রারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ শিরোমণি অকালি দলের নেতা ভারদেব সিং মানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের ফাজিলকা জেলায়।
জালালাবাদের আপ বিধায়ক জগদীপ কাম্বোজ গোলডির অভিযোগ, ব্লক পঞ্চায়েত অফিসে স্কুল সংক্রান্ত একটি ফাইলে সই করাতে এসেছিলেন অকালি দলের নেতা। কিন্তু পঞ্চায়েত অফিসার সেই ফাইলে সই না করাতেই বাধে বিপত্তি।
রাগের বশে বাইরে বেরিয়ে এসে এরপরই বাইরে দাঁড়িয়ে থাকা আপ নেতার সঙ্গে বচসা বাধে ভারদেবের। এরপর আচমকাই মনদীপকে লক্ষ্য করে অকালি দলের ওই নেতা গুলি চালান বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় অরবিন্দ কেজরিওয়ালের দলের সদস্যকে পাঞ্জাবের জালালাবাদ হাসপাতালে ভর্তি করানো হলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লুধিয়ানা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।
গুলিবিদ্ধ পাঞ্জাবের আপ নেতা মনদীপের অভিযোগ, ‘প্রাক্তন সাংসদ জোরা সিং মানের ছেলে ভারদেব সিং ননি মান তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন।’
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত অকালি দলের নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কী না এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে শিরোমণি অকালি দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।