.webp)
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়াল। ফাইল ছবি।
শেষ আপডেট: 14 May 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: দলের রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনা স্বীকার করে নিল আম আদমি পার্টি। মালিওয়ালের অভিযোগের প্রায় দেড়দিন পর আপ ওই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, কেজরিওয়ালের বাড়ির বসার ঘরে তাঁরই ব্যক্তিগত সহকারী বিভাব কুমারের গোলমাল বাধে। তিনি দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কাও মারেন বলে অভিযোগ।
যদিও মালিওয়াল নিজে পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। তবে এই ঘটনা নিয়ে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি পুরসভা। ইন্ডিয়া জোটের অন্যতম কংগ্রেস ও বিজেপি কাউন্সিলাররা ওয়েলে নেমে আপ ও কেজরিওয়ালের ইস্তফার দাবিতে হইচই পাকিয়ে দেন। অবশেষে চেয়ারম্যান এদিনের মতো সভা মুলতুবি করে দেন।
আপ নেতা সঞ্জয় সিং এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, গতকাল একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে। কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমার এমপি স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। স্বাতী মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। বসার ঘরে তিনি যখন অপেক্ষা করছিলেন, তখন বিভাব তাঁকে দূরছাই করেন। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন এবং তিনি পদক্ষেপ করবেন, জানান আপ নেতা।
মালিওয়াল পুলিশে লিখিত না জানালেও তাঁর অভিযোগ, সোমবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তিনি কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে যান। কিন্তু তাঁর ব্যক্তিগত কর্মীরা তাঁকে দেখা করা যাবে না বলে জানান। রাজ্যসভা সদস্য ৯টা ৩১ মিনিট নাগাদ টহলদারি পুলিশে ফোন করেন। তা উত্তর কন্ট্রোল রুমে ট্রান্সফার করা হয় ৯টা বেজে ৩৪ মিনিটে এবং ৯টা ৩৯ মিনিটে অভিযোগ লেখা হয়।
আপ নেতা সঞ্জয় সিং এই ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এদিন। মালিওয়ালের কাজের প্রশংসা করে তিনি বলেন, স্বাতী দলের পুরনো এবং অভিজ্ঞ নেতাদের একজন। আমরা তাঁর সঙ্গে আছি। তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। আম আদমি পার্টি এ ধরনের কাজ সমর্থন করে না।