
আম আদমি পার্টি
শেষ আপডেট: 21 November 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। ১১ আসনের মধ্যে তিনটিতে দলের বিধায়কদের টিকিট দেয়নি আপ। সেখানে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করেছে আম আদমি পার্টি।
দিল্লি বিধানসভার নির্বাচন আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সব দল ভোটের প্রস্তুতি শুরু করে দিলেও আপ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। বিজেপির অভিযোগ, কেজরিওয়ালের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে দৃষ্টি ঘোরাতেই আচমকা প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি।
দিল্লিতে কেজরিওয়ালের নতুন বাড়ির ইন্টিরিয়র ডেকরেশনের কাজ চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করছেন অভিযোগ তুলে বিজেপি আন্দোলনে শুরু করেছে। বৃহস্পতিবার তারা বড় জমায়েত করে কেজরিওয়ালের বাড়ির সামনে। অরবিন্দ কেজরিওয়াল আর আম আদমির নেতা নন, প্রচার শুরু করেছে পদ্ম শিবির। বোঝাই যাচ্ছে, বিধানসভা ভোটে কেজরিওয়ালের ঠাটবাট অন্যতম ইস্যু করতে চলেছে বিজেপি।
এদিকে, আপের প্রথমসারির নেতা তথা প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবারই বলেছেন, বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালই আপের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে লড়াই করবেন। দল ক্ষমতায় টিকে গেলে ফের কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবেন। সরে যাবেন বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি।
সত্যেন্দ্র জৈনের কথায়, কেজরিওয়াল জনতার রায় নেবেন বলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সবে গিয়েছেন। নিজে বিপুল ভোটে জিতে এবং দলকে জিতিয়ে এনে তিনি প্রমাণ করে দেবেন আবগারি দুর্নীতি এক বানানো গল্প এবং দিল্লিবাসী বিশ্বাস করেন না তিনি দুর্নীতি করেছেন। প্রসঙ্গত, দিল্লির মদকাণ্ডে কেজরিওয়াল এক দফা জেলে কাটিয়ে এখন জামিনে মুক্ত। অন্যদিকে, সত্যেন্দ্রও দুর্নীতির মামলায় আড়াই বছর তিহাড় জেলে বন্দি থেকে গত মাসে জামিন পেয়েছেন।
আপ প্রথম দফায় ঘোষণা করা ১১ আসনের মধ্যে যে তিনজন বিধায়ককে এবার টিকিট দেয়নি তাঁরা হলেন কিরাড়ীর ক্ষেতুরাজ ঝা, সীলমপুরের আব্দুল রহমান এবং মটিয়ালার গোলাপ সিং যাদব। বিধায়কদের কাজ এবং জনপ্রিয়তা বিচার করে টিকিট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে, দাবি আপের।