মধ্যপ্রদেশে নিয়োগ (Madhyapradesh Police Exam) পরীক্ষায় অস্বচ্ছতা। আবারও গুরুতর প্রশ্নের মুখে পুলিশ কনস্টেবল নিয়োগ। নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০২৩ সালের কেলেঙ্কারি।

'সলভার' হয়ে পরীক্ষা দিলেন ভুয়ো প্রার্থী
শেষ আপডেট: 2 June 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে নিয়োগ (Madhyapradesh Police Exam) পরীক্ষায় অস্বচ্ছতা। আবারও গুরুতর প্রশ্নের মুখে পুলিশ কনস্টেবল নিয়োগ। নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০২৩ সালের কেলেঙ্কারি।
ঠিক যেন বলিউড ছবি মুন্নাভাইয়ের (Munna Bhai) ছায়া। সঞ্জয় দত্ত অভিনীত সেই সিনেমার মতোই মধ্যপ্রদেশের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি সামনে এসেছে। যেখানে রয়েছেন আবেদনকারীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য 'সলভার'। এমন একাধিক ভুয়ো চাকরিপ্রার্থীরা প্রকৃত পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেন এবং সমস্ত ধাপে সফলও হন। যতদিনে গোটা জালিয়াতির ব্যাপারটা সামনে আসে, তত দিনে সেই পরীক্ষার্থীরা কনস্টেবল পদে যোগ দেবেন দেবেন করছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই অনিয়ম কেবল একটি জেলাতেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে ছিল প্রায় গোটা মধ্যপ্রদেশ জুড়ে। যা মধ্যপ্রদেশ কর্মচারী নির্বাচন বোর্ড (MPESB) পরিচালিত নিয়োগ প্রক্রিয়াটিকে তদন্তের দিকে ঠেলে দিয়েছে।
জানা গিয়েছে এই পরীক্ষা দুর্নীতিতে রাজ্যের তিনটি জেলা থেকে কম করে এক ডজন গ্রেফতার হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন আবেদনকারী প্রার্থী এবং তাঁদের হয়ে পরীক্ষায় বসা 'সলভার'।
উল্লেখ্য, যে নিয়োগ পরীক্ষা নিয়ে এত হইচই, তার শুরুটা ১২ অগস্ট থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৩ সালের মধ্যে। ৭,০৯০টি পদের জন্য প্রায় ৭ লক্ষ আবেদনকারী পরীক্ষায় অংশ নেয়। লিখিত পরীক্ষার ফলাফল বেরোয় ২০২৪ সালের মার্চ মাসে। তার পর ফিজিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষা হয়ে চলতি বছরের মার্চ মাসে চূড়ান্ত নাম প্রকাশ পায়।
কাজে যোগদানের সময় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে বহুজনের। আলিরাজপুরের এসপি অফিসে এক চাকরিপ্রার্থী যখন কাজে যোগ দিতে আসেন, তখন দেখা যায় আধার কার্ডে কারচুপি করা হয়েছ এবং প্রবেশপত্রের ছবির সঙ্গে বর্তমান চেহারার কোনও মিল নেই।
শেওপুর জেলা থেকে এমনই তিনজন নির্বাচিত প্রার্থী, সোনু রাওয়াত, সন্তোষ রাওয়াত এবং আমন সিং-সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বায়োমেট্রিক পরিবর্তন করা আধার এজেন্টদেরও হেফাজতে নেওয়া হয়েছে।