
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 March 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা আদালতের গেটে এক মহিলা আইনজীবীর মাথায় পিস্তল ঠেকিয়ে মুখে অ্যাসিড ঢেলে দিল দুষ্কৃতীরা। শনিবার পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে। দুটি মামলায় অভিযুক্ত দুই যুবক বাদী পক্ষের আইনজীবী এই মহিলার উপর আক্রোশবশত হামলা চালায় বলে পুলিশের অনুমান।
পুলিশ জানিয়েছে, প্রথমে এক অভিযুক্ত ৩৫ বছর বয়সি আইনজীবী শশী বালার মাথায় ঠাকুরদ্বার তহসিল আদালত চত্বরে দেশী পিস্তল চেপে ধরে। শশী বালা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর মক্কেল সত্যেন্দ্র তাঁকে আদালতের গেটের কাছে নামিয়ে চলে যান। তার ঠিক মিনিটখানেকের মধ্যে শচীন কুমার এবং তার আত্মীয় নীতিন কুমার আড়াল থেকে প্রকাশ্যে এসে তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে। দুই অভিযুক্তই উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার বাসিন্দা।
তিনি পুলিশকে লিখিত অভিযোগে জানান, ওদের একজন দেশী পিস্তল মাথায় ঠেকিয়ে তাঁকে বলে, আজ আমরা তোকে একটা খুব সুন্দর উপহার দেব। মহিলা আইনজীবীর চিৎকারে আদালতে উপস্থিত অন্য কৌঁসুলিরা তেড়ে এলে দুজন পালিয়ে যায়। অ্যাসিডে মহিলা আইনজীবীর মুখের একটি দিক ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শশী বালার বয়ান অনুযায়ী, শচীন এক মহিলাকে হেনস্তার অভিযোগে অভিযুক্ত। নীতিন পণ সম্পর্কিত মামলায় অভিযুক্ত ছিল। অভিযুক্তরা তাঁকে চরম ফল ভুগতে হবে বলে হুমকি দিয়েছিল। মোরাদাবাদ গ্রামীণ পুলিশ সুপার কুঁয়ার আকাশ সিং জানান, মহিলা আইনজীবী তাঁর উপর দুজন অ্যাসিড হামলা চালিয়েছে বলে অভিযোগ লিখিয়েছেন। তবে কী ধরনের তরল তাঁর গায়ে ছেটানো হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাঁর চিকিৎসা চলছে, তিনি বিপন্মুক্ত। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে, তাদের খোঁজ চলছে।