
আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি
শেষ আপডেট: 20 January 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি গোমূত্রের প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। তিনি গোমূত্রের ঔষধী গুণ রয়েছে বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, যে কোনও ধরনের সংক্রমণ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতা রয়েছে। এমনকী হজমের গন্ডগোলেও উপশম হয়।
কামাকোটির এই দাবির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তিনি আরও বলেছেন, একজন সন্ন্যাসী খুব জ্বর হলে নিজে নিজেই তার নিরাময় করেন গোমূত্র পান করে। তিনি গল্পের অবতারণা করে বলেন, একবার এক সাধুকে দেখেছিলাম, যিনি প্রবল জ্বরে কাবু ছিলেন। যখন ডাক্তার ডাকার ভাবনাচিন্তা চলছে। তখন তিনি বলেছিলেন, গোমূত্রন পিনামি। সেই সাধুর নামটি আজ মনে নেই। তবে দেখেছি, তিনি সঙ্গে সঙ্গে গোমূত্র পান করে নিলেন। এবং ১৫ মিনিটের মধ্যে তাঁর গায়ের তাপ কমতে শুরু করেছিল।
কামাকোটিকে বলতে শোনা গিয়েছে, গোমিয়ম (গোমূত্র) অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং হজমকারক। গোমূত্রের প্রশংসায় বলেন, এর মধ্যে ঔষধী গুণ রয়েছে। বিশেষত আমাশা জাতীয় উপসর্গ সারাতে এটা অত্যন্ত কার্যকরী। গত ১৫ জানুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত মাতু পোঙ্গল উপলক্ষে গো সংরক্ষণশালা-র একটি অনুষ্ঠানের তিনি ভাষণ দিচ্ছিলেন। একইসঙ্গে কামাকোটি জৈবভিত্তিক চাষের উপর জোর দেন। তাঁর মতে, দেশের অর্থনীতি ও কৃষিতে দেশী গোরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তামিল মাস থাই-এর দ্বিতীয় দিনটিতে মাতু পোঙ্গল অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবকে গোরু-ষাঁড়ের নামে উৎসর্গ করা হয়। কৃষিক্ষেত্র ও নানান সামাজিক কাজে গোরুর অপরিসীম ভূমিকার জন্য নানান উপাচারে গোপূজন করা হয় এই দিনে। কামাকোটির এই মন্তব্যকে নিয়ে রাজনৈতিক মহলেও হালচাল পড়ে গিয়েছে। ডিএমকে নেতা টিকেএস এলানগোভান ক্ষুব্ধ হয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে দেশ থেকে শিক্ষাদীক্ষা তুলে দেওয়া। কংগ্রেসের কার্তি চিদম্বরম সমালোচনায় বলেন, আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের মুখে এরকম কথা মানায় না।
আরেকটি রাজনৈতিক দল ডিকে-র নেতা একটি বৈজ্ঞানিক সমীক্ষার কথা তুলে ধরে বলেন, পরীক্ষিত যে গোমূত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকায় তা মানুষের পানযোগ্য নয়। তিনি সাধারণ মানুষের কাছে কামাকোটির দাবি বিশ্বাস না করতে বলেছেন। টিপিডিকে দলের তরফে বলা হয়েছে, কামাকোটিকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে আমরা প্রতিবাদ-আন্দোলন করব। একটি ডাক্তারদের সংগঠনও কামাকোটির দাবির তীব্র নিন্দা করেছে। তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, কামাকোটি যা বলেছেন তা ঠিক, এটা নিয়ে বিজেপি বিরোধী দলগুলি রাজনীতি করছে। উনি যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। উনি কাউকে গোমূত্র পান করার পরামর্শ দেননি।