
পার্বতী বেণু।
শেষ আপডেট: 23 December 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে পুষ্পা ডান্স করলেন কোচিনের এক অধ্যাপিকা। কাঁধ পর্যন্ত খোলা চুলে গভীর সমুদ্রনীল শাড়ি পরা বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকা আল্লু অর্জুন খ্যাত পুষ্পা ২-এর গানের সঙ্গে আনন্দনৃত্যে মেতে উঠলেন। যে নাচ দেখে নেট দুনিয়ার কচিবুড়ো সকলের বুকের ভিতর যৌবন খিলখিল করে উঠেছে।
আল্লু অর্জুনের পুষ্পা ২ এখন দেশজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে। সিনেমাপাগল দেশের সব শহরে তাঁর এই ছবিকে ঘিরে এখন গণসম্মোহনে দুলছে মানুষ। শুধু অ্যাকশনে নয়, সিনেমার প্রায় প্রতিটি গানই সুপারডুপার হিট। তার মধ্যে শীর্ষ রয়েছে পিলিংস। যে গানটি গেয়েছেন শঙ্কর বাবু কান্ডুক্কোরি ও লক্ষ্মী দাসা। ভিডিওতে দেখা গিয়েছে, যৌবনের উপান্তে আসা এইচওডি ছাত্রীদের নাচতে দেখে আর দমিয়ে রাখতে পারলেন না। যেখানে জমাট বেঁধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নাচছিলেন, সেখানে ঢুকে পড়ে তালে তালে সিনেমার নাচের ভঙ্গিতেই নাচতে শুরু করে দিলেন।
View this post on Instagram
কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপিকা তথা হেড অফ দ্য ডিপার্টমেন্ট পার্বতী বেণুর পুষ্পা ডান্স এখন সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে ছাত্রীরা গান চালিয়ে মজা করছিলেন। তখন হঠাৎই সেই ভিড়ে ঢুকে পড়েন বেণু। শুরুতে হাতের ভ্যানিটি ব্যাগটি নিয়ে নাচতে শুরু করলেও স্বাভাবিক ছন্দ না পেয়ে, ব্যাগটি ছেড়ে ঝাড়া হাতপায়ে নাচতে শুরু করলেন সিনেমারই মতো।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পার্বতী প্রথমে মেয়েদের নাচে তাল ঠুকছিলেন। কিন্তু, পুষ্পা ২-এর পিলিংস শুরু হতেই নিজেকে ধরে রাখতে পারলেন না। প্রথমে ব্যাগ সুদ্ধ পরে চেয়ারে ব্যাগ রেখে ছাত্রীদের পিছনে ফেলে ক্যামেরার চোখ কেড়ে নেন পার্বতী। ইনস্টাগ্রামের একটি পোস্টে নাচের ভিডিও দিয়ে লেখা হয়েছে, যখন তোমার এইচওডি ম্যাম তোমার থেকেও আবেগপ্রবণ।
কিন্তু, সত্যেরে সহজে মেনে নেওয়া কি ভারতের কাজ! সমালোচনার মুখেও পড়তে হয়েছে পার্বতী বেণুকে। কয়েকজন এক বিভাগীয় প্রধানের (পড়ুন মহিলা) এহেন আচরণ বরদাস্ত করতে নারাজ। সেই সমস্ত নীতিবাগীশরা লিখেছেন, এ কী অধ্যাপিকাকে শোভা পায়! একজন লিখেছেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে, উনি কীভাবে কলেজের ভিতরে এরকম করতে পারলেন। আর একজন লিখেছেন, এই ভিডিওটি আমাদের এইচওডি-র কাছে পাঠাচ্ছি। এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দুদিনে প্রায় ৯০ লক্ষ দর্শকের কাছে পৌঁছে গিয়েছে।