
সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।
শেষ আপডেট: 10 February 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: ফিরে যান, ফিরে যান। ঘরে ফিরে যান। কেউ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার দিকে এগনোর চেষ্টা করবেন না। রাস্তা পুরো যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছে। লোকে বলছে, বিশ্বের সর্ববৃহৎ যানজট। প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার প্রায় সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে ছোটবড় গাড়ি সহ যানজটে আটকে রয়েছে পণ্যবাহী লরি, অ্যাম্বুল্যান্সও প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ লম্বা যানজট আগে আর কোথাও হয়েছে কিনা তা নিয়ে চলছে দীর্ঘ হিসাবনিকাশ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে জাতীয় সড়ক ধরে যাওয়া মানুষকে। কাউকে কাউকে প্রায় ১২ ঘণ্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীরা রাগ প্রকাশ করে বলেছেন, ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, পথই আপাতত মহাকুম্ভ মেলায় পরিণত হয়েছে। যেদিকে দুচোখ যায়, শুধু গাড়ির পর গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে। কোনও দিকে নড়ার উপায় নেই।
अब तो पुलिस अधिकारी भी बोलने लगे कि वापस चले जाइए।
— Abhishek Yadav ???????? (@Abhishek__SP) February 9, 2025
कुंभ की भीड़ यूपी सरकार से नहीं सम्भल रही है। जनता अपनी रक्षा स्वयं करें।#kumbh#KumbhStampede#KumbhMela pic.twitter.com/zamsvUCu5d
এদিকে, বুধবার পড়েছে মাঘী পূর্ণিমার স্নান। তার আগে লাখো লাখো ভক্ত কুম্ভ যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। প্রয়াগরাজগামী প্রায় সব ট্রেন বাদুড়ঝোলা হয়ে চলেছে। অন্যদিকে, বিমান ভাড়া অত্যধিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ তো দূরঅস্ত ধনীরাও টিকিট কাটতে পারছেন না। ফলে অনেকে বাসে, ট্রেনে, যেতে না পেরে বহু দেহাতি মানুষ এমনকী যাঁদের নিজেদের গাড়ি রয়েছে, তাঁরাও কুম্ভের দিকে যাচ্ছেন। লরি, ভাড়া করা বাস, টেম্পো, হাতি গাড়ি যে যার পারছেন তাতে করে প্রয়াগরাজ যেতে গিয়ে ৩০০ কিমি দীর্ঘ যানজটে আটকে রাস্তাতেই দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
উত্তরপ্রদেশের কাটনি থেকে প্রয়াগরাজ পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩০০ কিমি। সেই রাস্তা পুরো গাড়ি ও মানুষজনে ভরে রয়েছে। মধ্যপ্রদেশ, বিহার ও অন্যান্য রাজ্য থেকে জোড়া সড়কগুলির সবকটিই গাড়ির ভিড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে রবিবার থেকে। রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই অব্যবস্থার জন্য বিজেপির যোগী আদিত্যনাথ সরকারকে দুষেছেন। রাজ্য পুলিশ ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে জানিয়েছেন অখিলেশ।
রাস্তায় পুলিশ ভ্যান নিয়ে মধ্যপ্রদেশ প্রশাসন বিভিন্ন জায়গায় মাইকিং করছে। জনসাধারণ ও ভক্তদের প্রয়াগমুখী না হওয়ার জন্য বারবার করে অনুরোধ জানাচ্ছে। কাটনি জেলা পুলিশ মাইকিং করে বলছে, সোমবার পর্যন্ত কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। মৈহার পুলিশ গাড়ি চালকদের কাটনি এবং জব্বলপুর হয়ে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছে অথবা স্থানীয়ভাবে হোটেল, ধর্মশালা ও ধাবায় থেকে যাওয়ার কথা বলছে।