
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 13 May 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গদেশে ভূতের বাপের শ্রাদ্ধ প্রবাদটি চালু থাকলেও কর্নাটকে সত্যি 'ভূতের বিয়ে' হয়। দক্ষিণ কন্নড় জেলার একটি পরিবার ৩০ বছর আগে মৃত মেয়ের জন্য একটি বরের 'আত্মা' চেয়ে কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপনও দিয়েছে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার পুট্টুর-এ।
স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনটি দেখে সকলে আঁতকেই উঠেছেন। বিজ্ঞাপনে ৩০ বছর আগে মৃত মেয়ের জন্য পাত্র চাওয়া হয়েছে। উপযুক্ত, জাত-গোত্রের সমকক্ষ একটি পাত্রের আত্মা চেয়ে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কর্নাটকের একাংশে কুলি মাদিমে অথবা প্রীতা মাদুভে বলে একটি চিরাচরিত প্রথা চালু আছে। উদুপি ও দক্ষিণ কন্নড়ের উপকূলবর্তী জেলার টুলুনাড়তে কুলে মাদিমে অনুষ্ঠান বহু প্রাচীন একটি রীতি-সংস্কার। এই অনুষ্ঠানে দুই আত্মা বা প্রেতের মধ্যে বিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপনে পরিবারটি একটি সুপাত্রের খোঁজ চেয়েছেন। বিজ্ঞাপনে যোগাযোগের নাম-ঠিকানা, ফোন নম্বরও দেওয়া হয়েছে। লেখা হয়েছে, কুলাল জাতের এবং বঙ্গেরা (গোত্র) গোত্রের একটি পাত্র চাই। পাত্রীর ৩০ বছর আগে মৃত্যু হয়েছে। একই জাতের এমন পাত্র চাই, যার ৩০ বছর আগে মৃত্যু হয়েছে। এবং যার পরিবারও প্রীতা মাদেভু পালন করতে ইচ্ছুক।
মৃতার পরিবারের এক সদস্য বলেন, বিজ্ঞাপন দেখে অন্তত ৫০ জন সাড়া দিয়েছেন। খুব শীঘ্রই বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হবে। শুধু তাই নয়, গত ৫ বছর ধরে এমন একটি অনুষ্ঠানের জন্য তাঁরা পাত্র খুঁজে চলেছেন। প্রথমে ভেবেছিলাম কাগজে বিজ্ঞাপন দিলে আমরা উপহাসের পাত্র হব। কিন্তু, এখন দেখছি প্রচুর মানুষ সাড়া দিচ্ছেন। তাঁরা এই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইছেন।
কুলে মাদিমে হল একটি বিয়ের অনুষ্ঠান। যেখানে অবিবাহিত অবস্থায় মৃত ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া হয়। মানুষের বিশ্বাস ও সংস্কার এই যে, অবিবাহিত অবস্থায় মারা গেলে প্রেত শান্তি পায় না। তাই তাদের অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে এই প্রথার চালু হয়। এই প্রথা আসলে পিতৃ আরাধনের একটি অঙ্গ।