
ফাইল চিত্র
শেষ আপডেট: 14 October 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। বছর উনিশের এক তরুণী যৌন নিগ্রহের অভিযোগ জানিয়ে ছিলেন। অভিযোগের পর, তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে তাঁকে খান্দাওয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় পরে ইনদওরের একটি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে অবস্থা সঙ্কটজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ অক্টোবর স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন সেই তরুণী। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। ৮ অক্টোবর অভিযুক্ত জামিন পেয়ে যান।
তরুণীর পরিবার সূত্রে খবর, যখন থেকে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছেন, তখন থেকেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছিল তাঁদের। তারপর গত শুক্রবার অভিযুক্তের পুত্র হঠাৎই ওই তরুণীর বাড়িতে চড়াও হন। শুরু হয় তর্কাতর্কি। ঠিক সেই সময়ই তিনি তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে তরুণীর বাবা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তাঁর শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। আসলে সেই দিন কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।